বিলাতেও বারাণসীর স্পর্শ, এবার টেমস নদীতেই জমকালো ‘গঙ্গা আরতি’! – এবেলা

এবেলা ডেস্কঃ
বারাণসী ও হরিদ্বারের সেই চেনা আধ্যাত্মিক আবহ এবার মিলবে সুদূর লন্ডনে। আগামী ১৩ সেপ্টেম্বর টেমস নদীর তীরে অনুষ্ঠিত হতে চলেছে ভারতীয় সংস্কৃতির অন্যতম প্রাচীন ঐতিহ্য ‘গঙ্গা আরতি’। ‘চিন্ময় মিশন ইউকে’ এবং ‘টোটালি টেমস’-এর যৌথ উদ্যোগে লন্ডনের গ্রিনিচ শহরের ঐতিহাসিক ওল্ড রয়্যাল নেভাল কলেজে এই বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে।
বিকেল ৪টে থেকে শুরু হওয়া এই দিনভর অনুষ্ঠানে থাকবে ভারতীয় নাচ-গান, সুস্বাদু খাবার এবং শিশুদের বিনোদনের ব্যবস্থা। তবে মূল আকর্ষণ থাকছে সন্ধ্যায়। টেমসের রয়্যাল স্টেপসের ঘাটে সূর্যাস্তের সঙ্গে মিলিয়ে ঠিক সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শঙ্খধ্বনি, মন্ত্রোচ্চারণ এবং প্রদীপের আলোয় শুরু হবে বিশেষ আরতি।
এই অনুষ্ঠানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে, তবে আগে থেকে নাম নথিভুক্ত (Registration) করা বাধ্যতামূলক। পরিবেশ ও নদীর জলদূষণ রোধে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে—আরতির সময় টেমসের জলে কোনো ফুল বা পূজার সামগ্রী ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ।
