বিশাল সুখবর! মুখ্যমন্ত্রীর আর্জিতে সাড়া, ডিসেম্বরেই কি চালু হচ্ছে বেলেঘাটা-সেক্টর ফাইভ মেট্রো? – এবেলা

এবেলা ডেস্কঃ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরের ডিসেম্বরেই চালু হতে চলেছে বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত কাঙ্ক্ষিত মেট্রো পরিষেবা। সূত্রের খবর, এই নতুন রুটের উদ্বোধনের জন্য ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তরের কাছে সময় চাওয়া হয়েছে। সম্প্রতি সাঁতরাগাছিতে আয়োজিত এক অনুষ্ঠানে ১৭ থেকে ২৩ ডিসেম্বরের কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, জানুয়ারির প্রবাসী ভারতীয় সম্মেলন এবং ওয়ার্ল্ড এনার্জি উইকের কথা মাথায় রেখে মেট্রো চালুর গতি বাড়ানোর আর্জি জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে পেশ করা সেই আর্জিতে ইতিবাচক সাড়া মিলতেই দ্রুত কাজ শেষের প্রস্তুতি শুরু হয়েছে।
বর্তমানে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত ট্রেন চলাচল করলেও চিংড়িহাটা থেকে সেক্টর ফাইভ রুটের জটিলতা কেটে যাওয়ায় পুরো রুটটি যুক্ত হতে চলেছে। চিংড়িহাটা ফ্লাইওভারের সংলগ্ন অংশে প্রাথমিক পরীক্ষা সফল হলেও চূড়ান্ত ছাড়পত্রের জন্য ট্রায়াল রান, কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিগন্যালিং ব্যবস্থা এবং কমিশনার অব রেলওয়ে সেফটির পরিদর্শন বাকি রয়েছে। এই সবুজ সংকেত মিললেই কবি সুভাষ থেকে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে, যা কলকাতার নিত্যযাত্রীদের যাতায়াত আরও দ্রুত ও সুবিধাজনক করে তুলবে।
