বিশ্বজুড়ে অ্যাপল পরিষেবা বিভ্রাট, ব্যাহত আইক্লাউড ও অ্যাপ স্টোর

বিশ্বজুড়ে অ্যাপল পরিষেবা বিভ্রাট, ব্যাহত আইক্লাউড ও অ্যাপ স্টোর

গত রবিবার রাত থেকে বিশ্বজুড়ে অ্যাপলের একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা ব্যবহারে বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। সোমবার সকাল পর্যন্ত আইক্লাউড, অ্যাপ স্টোর, অ্যাপল মিউজিক, অ্যাপল পে এবং অ্যাপল কেয়ারের মতো পরিষেবাগুলি ব্যাহত হওয়ায় গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে অ্যাপল পে, অ্যাপল ওয়েব এবং অ্যাপল কানেক্ট ব্যবহার করতে গিয়ে ব্যবহারকারীরা বাধার মুখে পড়েন। অনেক ব্যবহারকারীর অভিযোগ, তাঁদের অ্যাপল অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যাচ্ছে।

এই প্রযুক্তিগত বিভ্রাটের ফলে সাধারণ গ্রাহকদের পাশাপাশি বিভিন্ন রিটেল স্টোর, পরিষেবা কেন্দ্র এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেমেও প্রতিবন্ধকতা তৈরি হয়। পরিস্থিতি নিয়ে অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, অভ্যন্তরীণ একটি সিস্টেম আপডেটের কারণেই মূলত এই বিভ্রাট ঘটেছে। তবে ঠিক কী ধরনের ত্রুটির কারণে পরিষেবাগুলি ব্যাহত হলো, সে বিষয়ে সংস্থাটি বিস্তারিত কিছু জানায়নি। তবে অ্যাপল স্পষ্ট করেছে যে, এই ঘটনার পেছনে কোনো সাইবার হামলার যোগ নেই।

অ্যাপলের এই গোলযোগের পাশাপাশি গুগলের কিছু ব্যবহারকারীও লগ ইন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন বলে জানা গেছে। যদিও গুগল আনুষ্ঠানিকভাবে কোনো বড় ধরনের পরিষেবা বিপর্যয়ের কথা স্বীকার করেনি। মাইক্রোসফটের পর অ্যাপলের মতো প্রথম সারির প্রযুক্তি সংস্থার এই অভ্যন্তরীণ গোলযোগের ফলে সাধারণ গ্রাহকদের ভোগান্তি নিয়ে প্রযুক্তি মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *