বিশ্বমঞ্চে মোদীর রেকর্ড! G7 সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে প্রধানমন্ত্রী, নজরে ট্রাম্পের সাথে হাই-ভোল্টেজ বৈঠক – এবেলা

বিশ্বমঞ্চে মোদীর রেকর্ড! G7 সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে প্রধানমন্ত্রী, নজরে ট্রাম্পের সাথে হাই-ভোল্টেজ বৈঠক – এবেলা

এবেলা ডেস্কঃ

এভিয়ান: বিশ্বমঞ্চে ফের একবার উজ্জ্বল ভারতের নাম। G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার ফ্রান্সের এভিয়ান শহরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে টানা সপ্তমবার এই হাই-প্রোফাইল আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছেন তিনি, যা এক অনন্য রেকর্ড। ভারত এই গোষ্ঠীর স্থায়ী সদস্য না হওয়া সত্ত্বেও আমন্ত্রিত দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে মোদীর এই টানা উপস্থিতি আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বকেই প্রমাণ করে।

এভিয়ানে পা রেখেই সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন, “বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে চিন্তাভাবনা আদান-প্রদান করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

জেনেভা হয়ে এভিয়ান ও ম্যাক্রোঁর নৈশভোজ:

এ দিন ফ্রান্স যাওয়ার পথে প্রথমে সুইৎজ়ারল্যান্ডের জেনেভায় অবতরণ করেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান সেদেশের প্রেসিডেন্ট গাই পারমেলিন। এরপর সেখান থেকে সড়কপথে ফ্রান্সের এভিয়ানের উদ্দেশে রওনা দেন মোদী। আজ সন্ধ্যায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রধানমন্ত্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন এবং রাতে তাঁর সম্মানে আয়োজিত একটি বিশেষ গালা ডিনারেও যোগ দেবেন প্রধানমন্ত্রী।

লক্ষ্য ‘গ্লোবাল সাউথ’-এর সওয়াল:

সম্মেলনে ‘ফোর্জিং নিউ পার্টনারশিপস অ্যান্ড রিবিল্ডিং ইন্টারন্যাশনাল সলিডারিটি’ শীর্ষক এক বিশেষ আলোচনায় অংশ নেবেন মোদী। সাউথ ব্লক সূত্রে খবর, উন্নয়নশীল দেশগুলি অর্থাৎ ‘গ্লোবাল সাউথ’-এর অর্থনৈতিক ও জলবায়ুগত সমস্যা এবং তাদের অধিকারের কথা বিশ্বমঞ্চে জোরালোভাবে তুলে ধরাই ভারতের মূল লক্ষ্য।

নজরে ট্রাম্প-মোদী দ্বিপাক্ষিক বৈঠক:

এই সফরের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে বুধবারের ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর মুখোমুখি বৈঠক। সম্প্রতি ওমান উপসাগরে ভারতীয় নাবিক থাকা জাহাজে মার্কিন সেনার হামলায় তিন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আমেরিকা এই হামলার দায় নিলেও বন্ধু দেশের নাগরিকদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেনি, যা নিয়ে দেশের রাজনীতিতে শোরগোল পড়ে গেছে।

স্বভাবতই, ট্রাম্পের মুখোমুখি বসে প্রধানমন্ত্রী এই স্পর্শকাতর বিষয়টি তোলেন কি না, সেদিকেই নজর রাখছে গোটা বিশ্ব। এই বৈঠক ছাড়াও ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার এবং ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গেও মোদীর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *