বিশ্বের একমাত্র দেশ যেখানে নারী শিক্ষা নিষিদ্ধ, জাতিসংঘের রিপোর্টে আফগানিস্তানের ভয়াবহ চিত্র – এবেলা

বিশ্বের একমাত্র দেশ যেখানে নারী শিক্ষা নিষিদ্ধ, জাতিসংঘের রিপোর্টে আফগানিস্তানের ভয়াবহ চিত্র – এবেলা

এবেলা ডেস্কঃ

আফগানিস্তানে তালেবান সরকারের কঠোর বিধিনিষেধের কারণে নারীদের স্বাবলম্বিতা ও সামাজিক উপস্থিতি চরম হুমকির মুখে পড়েছে। জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ‘ইউএন উইমেন’-এর সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, দেশটির প্রায় অর্ধেক নারী মাসে মাত্র এক থেকে দু’বার ঘর থেকে বের হওয়ার সুযোগ পান। আর প্রায় ৭৫ শতাংশ নারী পুরুষ অভিভাবক বা ‘মাহরাম’ ছাড়া বাইরে বের হতে তীব্র নিরাপত্তাহীনতায় ভোগেন।

তালেবানের দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পাঁচ বছর পূর্তিতে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানই বর্তমানে বিশ্বের একমাত্র দেশ যেখানে মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা সম্পূর্ণ নিষিদ্ধ। ইউনেস্কোর হিসাব অনুযায়ী, ২০২১ সাল থেকে এ পর্যন্ত প্রায় ২৪ লাখ কিশোরী প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে।

ক্ষমতা দখলের পর থেকে নারীদের লক্ষ্য করে তালেবান প্রশাসন ১০০টিরও বেশি বৈষম্যমূলক নীতি ও আদেশ জারি করেছে। কর্মক্ষেত্রেও এই প্রভাব স্পষ্ট—যেখানে ৮৪ শতাংশ পুরুষ কাজের সঙ্গে যুক্ত, সেখানে নারীদের কর্মসংস্থানের হার মাত্র ৭ শতাংশে নেমে এসেছে। সামাজিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতার কারণে জরিপে অংশ নেওয়া ৭০ শতাংশ নারীই তাঁদের মানসিক অবস্থাকে আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

তবে জাতিসংঘ এবং রয়টার্সের এসব তথ্য ও দাবি পুরোপুরি অস্বীকার করেছে তালেবান সরকার। তাদের ‘সদাচার প্রচার ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয়’-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, আফগান নারীরা বর্তমানে সম্পূর্ণ নিরাপদে আছেন এবং ইসলামি শরিয়াহ ও স্থানীয় সংস্কৃতি মেনে তাঁদের সব অধিকার নিশ্চিত করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *