বিশ্ব রাজনীতিতে ভারত ‘সাইড প্লেয়ার’, রাহুল গান্ধীর মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মন্তব্য করেছেন যে, বিশ্ব রাজনীতিতে ভারত বর্তমানে একটি ‘সাইড প্লেয়ার’ বা পার্শ্ব চরিত্রে পরিণত হয়েছে। তিনি দাবি করেন, পাকিস্তান যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করছে, তখন আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত সেই তুলনায় পিছিয়ে রয়েছে। তার এই মন্তব্যের পরেই দেশের রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
রাহুল গান্ধীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তাকে দেশের বাইরে গিয়ে ভারতের বিরুদ্ধে কথা না বলার অনুরোধ জানিয়েছেন। বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি ও অন্যান্য নেতারা অভিযোগ করেছেন যে, রাহুল গান্ধী বিদেশে গিয়ে ভারতের গণতন্ত্র ও অর্থনীতিকে ছোট করছেন। পাকিস্তানের সঙ্গে ভারতের তুলনা করার বিষয়টিকেও তারা দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন।
বিজেপির পক্ষ থেকে পাল্টা যুক্তি দিয়ে বলা হয়েছে যে, বিরোধী নেতাদের বিদেশে গিয়ে দেশের স্বার্থের কথা মাথায় রাখা উচিত, যেমনটা অতীতে অটল বিহারী বাজপেয়ী করেছিলেন। অন্যদিকে, সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি রাহুল গান্ধীর এই মূল্যায়নকে সমর্থন জানিয়েছেন। তিনি দাবি করেন, আন্তর্জাতিক বিষয়ে ভারতের বর্তমান অবস্থান নিয়ে বিরোধী দলনেতা যা বলেছেন তা অনেকাংশে সঠিক।
