বীরভূমে দুষ্কৃতীর গুলিতে আহত কনস্টেবল বিশ্বজিৎ দাসের চিকিৎসা চলছে এসএসকেএমে

বীরভূমের শান্তিনিকেতন থানার লায়েকবাজার এলাকায় দুষ্কৃতী রতন শেখকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হন কনস্টেবল বিশ্বজিৎ দাস। গত শুক্রবার সন্ধ্যায় অভিযানের সময় দুষ্কৃতীর ছোড়া গুলি তাঁর বাঁ পায়ে লাগে। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতাল এবং পরে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর পা থেকে গুলি বের করা হয়। উন্নত চিকিৎসার জন্য রবিবার সকালে গ্রিন করিডোর করে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
বর্তমানে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকের ইউনিট থ্রি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন বিশ্বজিৎ দাস। তাঁর চিকিৎসার জন্য অর্থোপেডিক বিভাগীয় প্রধান নিলেশ দুগরের নেতৃত্বে একটি মাল্টি-ডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডে জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি এবং অর্থোপেডিক সার্জারির বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, সোমবার তাঁর বাঁ পায়ে আরও একটি অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার বর্ধমান মেডিক্যাল কলেজে গিয়ে আহত কনস্টেবলের শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী।
এদিকে, পুলিশের গুলিতে অভিযুক্ত দুষ্কৃতী রতন শেখের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে নানুর থানার উচকরণ এলাকায় অস্ত্র উদ্ধারের জন্য নিয়ে যাওয়ার সময় সে ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে রতন শেখ গুরুতর জখম হয়। নানুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে বিকেল ৫টা ৪৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের এই পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরেছে।
