বীরভূমে পুলিশের গুলিতে নিহত দুষ্কৃতী রতন শেখ, নানুরের ইটভাটায় এনকাউন্টার

বীরভূমের শান্তিনিকেতন থানা এলাকার লায়েক বাজারে পুলিশের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত রতন শেখ পুলিশের গুলিতে নিহত হয়েছে। গত ১৩ নভেম্বর লায়েক বাজারে পুলিশের ওপর গুলি চালিয়ে রতন ও তার সঙ্গীরা পালিয়ে যায়। ওই ঘটনায় বিশ্বজিৎ দাস নামে এক কনস্টেবল পায়ে গুলিবিদ্ধ হন, তাকে চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ১৫ নভেম্বর বর্ধমান থেকে মূল অভিযুক্ত রতন শেখকে গ্রেফতার করে।
জেরায় রতন পুলিশের ওপর হামলার ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখার কথা স্বীকার করে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে নানুরের একটি ইটভাটায় অস্ত্র উদ্ধারের জন্য নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর রতন লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র বের করে পুলিশের গাড়িতে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে রতন গুরুতর আহত হয় এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রতনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র রাখা, ডাকাতির প্রস্তুতি ও ছিনতাইসহ ৩৬টিরও বেশি মামলা ছিল।
পুরো ঘটনার স্বচ্ছতা বজায় রাখতে ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি এবং ভিডিওগ্রাফির মাধ্যমে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এছাড়া জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশিকা ও আইনি বিধি মেনে তদন্ত চালানো হচ্ছে। এদিকে, শান্তিনিকেতন মামলার সূত্র ধরে রতনের দুই সহযোগী রমেশ লোহর ও নূর হোসেন শেখকে বোলপুর ও লাভপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।
