বুধবার শুরু ১৮তম বিধানসভার প্রথম অধিবেশন, দু’দিনে বিধায়ক পদে শপথ নেবেন শুভেন্দু ও জয়ীরা

বুধবার শুরু ১৮তম বিধানসভার প্রথম অধিবেশন, দু’দিনে বিধায়ক পদে শপথ নেবেন শুভেন্দু ও জয়ীরা

১৮তম রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন বসতে চলেছে চলতি সপ্তাহেই। আগামী বুধবার ও বৃহস্পতিবার— এই দু’দিন জুড়ে নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ কর্মসূচি চলবে। গত ৯ মে ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও, নিয়ম অনুযায়ী এবার বিধানসভার সদস্য হিসেবেও শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে রাজ্যের প্রতিটি জেলার জয়ী প্রার্থীরাও পর্যায়ক্রমে শপথবাক্য পাঠ করবেন।

জেলাভিত্তিক শপথগ্রহণের সময়সূচি

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ মে (বুধবার) সকাল ১১টা থেকে দুপুর ১.৩০টার মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। ওই একই সময়ে উত্তরবঙ্গের ৯টি জেলা ও মুর্শিদাবাদের বিধায়করাও সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। এরপর দুপুর ২টো থেকে বিকেল ৪.৩০টের মধ্যে নদিয়া ও দুই ২৪ পরগনার বিধায়কদের শপথের পালা। অন্যদিকে, ১৪ মে (বৃহস্পতিবার) প্রথম পর্বে কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুরের বিধায়করা এবং দ্বিতীয় পর্বে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও দুই বর্ধমানসহ বীরভূমের বিধায়করা শপথ নেবেন।

শুভেন্দুর আসন ত্যাগ নিয়ে জল্পনা

এবারের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুর— উভয় কেন্দ্র থেকেই জয়ী হয়েছেন। সাংবিধানিক নিয়ম মেনে তাঁকে একটি আসন ছেড়ে দিতে হবে। শপথগ্রহণের দিনই তিনি কোন আসনটি নিজের কাছে রাখবেন এবং কোনটি ত্যাগ করবেন, তা আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। নবান্ন ও বিধানসভা সূত্রে খবর, এই বিশেষ অধিবেশনকে ঘিরে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে।

প্রবেশাধিকার ও বিশেষ নিরাপত্তা

শপথগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন করতে বিধানসভা কক্ষের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। প্রতিটি বিধায়কের সঙ্গে সর্বাধিক দু’জন সঙ্গী প্রবেশের অনুমতি পাবেন। জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রতিটি বিধায়ক এবং তাঁদের সঙ্গীদের জন্য অস্থায়ী পরিচয়পত্র দ্রুত তৈরি রাখা হয়। বিধানসভার সচিবালয় ও জেলা প্রশাসনের সমন্বয়ে এই মেগা শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। এই অধিবেশনের মাধ্যমেই রাজ্যে নতুন সরকারের বিধানসভা ভিত্তিক পথচলা আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *