বুলডোজারের হুঙ্কার বাসুদেবপুরে! মেয়াদ শেষ হতেই রেলের জমি খালি করতে ধুন্ধুমার অ্যাকশন – এবেলা

বুলডোজারের হুঙ্কার বাসুদেবপুরে! মেয়াদ শেষ হতেই রেলের জমি খালি করতে ধুন্ধুমার অ্যাকশন – এবেলা

এবেলা ডেস্কঃ

সময়সীমা পার হতেই পূর্ব নির্ধারিত সূচি মেনে সামশেরগঞ্জ থানার বাসুদেবপুর স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযানে নামল রেল কর্তৃপক্ষ। আন্ডারপাসের কাজ এবং রাস্তা সম্প্রসারণের স্বার্থে স্টেশন সংলগ্ন দীর্ঘদিনের বেআইনি নির্মাণ ও দোকানপাট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। রেলের পক্ষ থেকে আগে থেকেই জবরদখলকারীদের জমি খালি করার নোটিস দেওয়া হলেও তা অমান্য করায় সোমবার সকাল থেকেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়ে রেল পুলিশ ও স্থানীয় থানার যৌথ বাহিনী। অভিযান চলাকালীন এলাকা জুড়ে চরম চাঞ্চল্য ও চাপা উত্তেজনা সৃষ্টি হয়।

আশঙ্কাজনক পরিস্থিতি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো স্টেশন চত্বর মুড়ে ফেলা হয়েছিল বিপুল নিরাপত্তার চাদরে। বুলডোজার নামতেই বহু ব্যবসায়ী তড়িঘড়ি নিজেদের দোকানের মালপত্র সরিয়ে নিলেও অবশিষ্ট অবৈধ কাঠামোগুলো নিমেষেই গুঁড়িয়ে দেয় রেলের টিম। রুটিরুজি হারিয়ে ক্ষোভ ও হতাশায় ভেঙে পড়েছেন বেশ কিছু ক্ষুদ্র ব্যবসায়ী। তবে উচ্ছেদ প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিয়ে রেল প্রশাসন জানিয়েছে, যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণের স্বার্থেই এই কঠোর সিদ্ধান্ত। সরকারি উন্নয়ন ও সুরক্ষার তাগিদে আগামী দিনেও এই জবরদখল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *