বৃষ্টির তাণ্ডবে তোলপাড় UP! ৭২ ঘণ্টায় ৫৭ মৃত্যু, জলে ডুবল ঘরবাড়ি – এবেলা

এবেলা ডেস্কঃ
September 28, 202610:22 am
লখনউ: লাগাতার বর্ষণে বানভাসি অবস্থা উত্তর ও মধ্য ভারতে। গত ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টি প্রাণ কেড়েছে ৬০ জনেরও বেশি মানুষের। সবচেয়ে করুণ পরিস্থিতি উত্তরপ্রদেশে—গত ৭২ ঘণ্টার টানা বৃষ্টিতে রাজ্যে অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে। ভাসিয়ে নিয়ে গেছে ফসল, ঘরছাড়া হাজার হাজার পরিবার।
পরিসংখ্যান অনুযায়ী, ২৫ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে উত্তরপ্রদেশে ১১১.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিকের (৯.৪ মিমি) তুলনায় প্রায় ১,০৮৪ শতাংশ বেশি! রাজ্যের ৭৫টির মধ্যে ৬৩টি জেলাই এখন রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত। লখনউ থেকে উন্নাও—সবত্রই জমা জলে জনজীবন অচল। শনিবার উন্নাওয়ের বসিরাতগঞ্জ টোল প্লাজার কাছে গঙ্গা এক্সপ্রেসওয়ে জলে ডুবে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বৃষ্টি ও প্লাবনের ধাক্কায় মহারাজগঞ্জে নেপাল থেকে জল ছাড়ার পর গণ্ডক নদীর জলস্তর হু হু করে বেড়েছে। ফলে তিনটি গ্রাম সম্পূর্ণ জলের তলায় এবং প্রায় ৫,০০০ মানুষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুর্গত এলাকাগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে দিনরাত কাজ করছে জেলা প্রশাসন ও SDRF।
পরিস্থিতির ভয়াবহতা বিচারে লখনউ-সহ একাধিক জেলায় দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ‘রেড’ ও ‘অরেঞ্জ’ অ্যালার্ট জারি থাকা জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন ত্রাণ কমিশনার ভাস্কর যশোদা। পরিস্থিতি সামাল দিতে আধিকারিকদের ২৪ ঘণ্টা সতর্ক থাকার এবং দ্রুত ত্রাণ পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে।
