ব্যস্ত হাইওয়েতে হাড়হিম করা নৃশংসতা! যুবককে প্রথমে গুলি, তারপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন – এবেলা

এবেলা ডেস্কঃ
আন্তর্জাতিক ডেস্ক: ব্যস্ত হাইওয়ের পাশে দিনের আলোয় এক যুবককে প্রকাশ্য রাস্তায় গুলি ও কুপিয়ে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। গুজরাটের বানসকান্থা জেলার ভাভ-থারাড এলাকার এই শিউরে ওঠা নৃশংস হত্যাকাণ্ডের দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম শামালভাই ভিল। শুক্রবার জেটদা-দেওদার হাইওয়ের পাশে কুভানা গ্রামে একটি চা-দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। ঠিক সেই সময়ই আচমকা তিন জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয়। হামলাকারীদের কাছে পিস্তলের পাশাপাশি ছুরি এবং কৃষিকাজে ব্যবহৃত ধারালো অস্ত্র ‘ধারিয়া’ ছিল।
সবার সামনেই চলল তাণ্ডব, ভাইরাল সিসিটিভি ফুটেজ
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, খুনিরা প্রথমে শামালভাইকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে, নৃশংসভাবে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে তারা। এরপরই রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলে রেখে চম্পট দেয় তিন আততায়ী। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।
গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। ব্যস্ত হাইওয়েতে সবার সামনে এমন হাড়হিম করা হত্যাকাণ্ড ঘটায় এলাকার আইনশৃঙ্খলার নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।
ঘটনার তদন্তে নেমে বানসকান্থার পুলিশ সুপার চিন্তন তেরাইয়া জানিয়েছেন, এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের শনাক্ত করার কাজ চলছে। কী কারণে এই নৃশংস খুন, তা জানতে সবদিক খতিয়ে দেখছে পুলিশ।
