ব্যাংক অ্যাকাউন্টে ১০ লাখ টাকা জমা দিলেই বিপদ, আয়কর দপ্তরের কড়া নজর!

সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টে নগদ টাকা জমা দেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আয়কর দপ্তর। নিয়ম অনুযায়ী, এক আর্থিক বছরে সেভিংস অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা এবং চলতি অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকার বেশি নগদ জমা দিলে ব্যাংকগুলো স্বয়ংক্রিয়ভাবে সেই তথ্য আয়কর বিভাগকে জানিয়ে দেয়। কালো টাকা ও অস্বচ্ছ লেনদেন রোধে এই সমন্বিত নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে, যার ফলে নির্ধারিত সীমার বেশি লেনদেন হলে গ্রাহকের কাছে আইনি নোটিশ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রতিদিন ৫০ হাজার টাকার বেশি নগদ জমা দিতে প্যান কার্ড ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
আয়কর বিভাগ গ্রাহকের বার্ষিক আয়ের সাথে ব্যাংক লেনদেনের সামঞ্জস্য নিয়মিত পর্যবেক্ষণ করে। আয়ের উৎসের সাথে লেনদেনের অসামঞ্জস্য পাওয়া গেলে আয়কর বিভাগ কৈফিয়ত তলব করতে পারে এবং বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হলে জরিমানার সম্মুখীন হতে হয়। এছাড়া এক লক্ষ টাকার বেশি ক্রেডিট কার্ড বিল নগদে পরিশোধের বিষয়টিও এখন গোয়েন্দা নজরদারির আওতাভুক্ত। আর্থিক জটিলতা এড়াতে বিশেষজ্ঞদের পক্ষ থেকে বড় অংকের লেনদেনের ক্ষেত্রে নগদ টাকার বদলে ডিজিটাল মাধ্যম যেমন—ইউপিআই, এনইএফটি বা চেক ব্যবহারের পাশাপাশি আয়ের উৎস সংক্রান্ত নথিপত্র সংরক্ষিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
