ব্যাঙ্কের অন্দরেই বসত সাইবার জাল! ডেপুটি ম্যানেজারসহ ধৃত ৮, ফাঁস চাঞ্চল্যকর তথ্য? – এবেলা

ব্যাঙ্কের অন্দরেই বসত সাইবার জাল! ডেপুটি ম্যানেজারসহ ধৃত ৮, ফাঁস চাঞ্চল্যকর তথ্য? – এবেলা

এবেলা ডেস্কঃ

সাইবার প্রতারণায় মদত দেওয়ার অভিযোগে নদিয়ার তেহট্ট থেকে এক ডেপুটি ম্যানেজারসহ ব্যাঙ্কের মোট আট কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেল থেকে তেহট্ট মহকুমার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের সন্ধান মেলে। ধৃতরা হলেন সমরজিৎ প্রামাণিক, জয়দেব দুর্লভ, তরুণ বিশ্বাস, প্রদীপ সরকার, পলাশ মণ্ডল, দেবাশিস দালাল, বিষ্ণুদেব মণ্ডল ও দয়াময় রায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সাইবার প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া কালো টাকা সাদা করতে এবং লেনদেনের উৎস আড়াল করতে কিছু অ্যাকাউন্ট ব্যবহার করা হতো। দুই থেকে তিন শতাংশ কমিশনের লোভে যুবকদের অ্যাকাউন্ট অপরাধীদের হাতে তুলে দেওয়ার এই পুরো প্রক্রিয়ায় বেতাই ও নাজিরপুরের ওই ব্যাঙ্ক কর্মীরা সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে।

তদন্তকারী অফিসার মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে চলা এই অভিযানে জানা গেছে, ধৃত ব্যাঙ্ককর্মীরা সহজেই অ্যাকাউন্ট খুলে দেওয়া এবং অ্যাকাউন্ট সংক্রান্ত নানা সমস্যার সমাধান করার পাশাপাশি যুবকদের সঙ্গে সাইবার অপরাধীদের যোগাযোগ করিয়ে দিতে মধ্যস্থতার কাজ করতেন। এর বিনিময়ে তাঁরাও মোটা অঙ্কের কমিশন হাতিয়ে নিতেন। ধৃতদের মোবাইল ফোন ও ব্যাঙ্ক লেনদেনের তথ্য ঘেঁটে এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁদের এই চক্রে জড়িত থাকার বিষয়টি স্পষ্ট হয়। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই তেহট্ট মহকুমায় সাইবার অপরাধের বিরুদ্ধে জোরদার অভিযান চালাচ্ছে পুলিশ। এর আগে তিন দিনে প্রায় সাঁত্রিশ জনকে গ্রেপ্তার করা হলেও, বুধবার পর্যন্ত শুধু তেহট্ট থানা এলাকাতেই গ্রেপ্তারের সংখ্যা চল্লিশ ছাড়িয়েছে। পুলিশের স্পষ্ট বার্তা, সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত কোনো চক্রীকেই ছাড় দেওয়া হবে না এবং মূল পাণ্ডাদেরও শীঘ্রই আইনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার ধৃতদের তেহট্ট মহকুমা আদালতে পেশ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *