ভাইকে খুনের সাজা শেষ ১০৫-এ, দীর্ঘ ৩৬ বছর পর সুপ্রিম কোর্টের নির্দেশে বেকসুর খালাস শতায়ু বৃদ্ধ – এবেলা
এবেলা ডেস্কঃ
মালদা: জমি সংক্রান্ত বিবাদের জেরে ১৯৮৮ সালে নিজের ভাই সুরেশ মণ্ডলকে গুলি করে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন মালদার ভুতনির দক্ষিণ চণ্ডীপুরের বাসিন্দা রসিকচন্দ্র মণ্ডল। তৎকালীন মানিকচক থানার এই মামলায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। সেই সময় তাঁর বয়স ছিল প্রায় ৭০ বছর। সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ ৩৪ বছর মালদা সংশোধনাগারে কাটানোর পর, ২০২৪ সালে বার্ধক্যজনিত কারণে তিনি জামিনে বাড়ি ফেরেন। তবে আইনি লড়াই তখনো থামেনি।
অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে ও বয়সের বিষয়টি বিবেচনায় রেখে গত ১৯ আগস্ট তিনি পূর্ণ মুক্তি পান। আধার কার্ড অনুযায়ী বর্তমানে তাঁর বয়স ১০৫ বছর। ছেলে ও নাতি-নাতনিরা প্রবীণ বন্দিদের মুক্তি সংক্রান্ত ফৌজদারি আইনের সুবিধা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত আইনি লড়াই চালিয়ে এই জয় এনে দিয়েছেন।
দীর্ঘ ৩৬ বছরের কারাজীবনের পর এখন তিনি স্ত্রী, চার ছেলে ও নাতি-নাতনিদের নিয়ে নিজের একান্নবর্তী পরিবারে দিন কাটাচ্ছেন। তবে দীর্ঘ বন্দিদশার অভ্যাস আজও তাঁর রয়ে গিয়েছে—খুব ভোরে ঘুম থেকে ওঠা, নির্দিষ্ট সময়ে খাওয়া-দাওয়া এবং উঠোন পরিষ্কার করার মতো নিয়ম মেনে চলেন তিনি। ১০৫ বছর বয়সেও চশমা ছাড়াই স্পষ্ট দেখতে পান এবং হেঁটে চলে বেড়ান।
সুপ্রিম কোর্টের রায়ে তিনি আজ মুক্ত ঠিকই, কিন্তু ৩৬ বছরের বন্দিত্ব তাঁর মনে গভীর প্রভাব ফেলে গিয়েছে। পরিবারের সদস্যরা জানান, মাঝে মাঝেই তিনি নিজের মনে কথা বলেন বা অতীতে হারিয়ে গিয়ে কেঁদে ফেলেন। তবে শতায়ু এই বৃদ্ধকে জীবনের শেষ দিনগুলোতে নিজেদের কাছে ফিরে পেয়ে আনন্দে ভাসছে পুরো পরিবার।
