ভাঙড়ে তৃণমূলের সাম্রাজ্যে বড় ধস! শাসকদলকে হঠিয়ে জোড়া পঞ্চায়েত দখল করল ISF – এবেলা

এবেলা ডেস্কঃ
ভাঙড়: ভাঙড়ে একের পর এক হাতছাড়া হচ্ছে তৃণমূলের শক্ত ঘাঁটি, ক্রমশ নিজেদের সাম্রাজ্য বিস্তার করছে আইএসএফ (ISF)। কয়েকদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়–১ ব্লকের বোদরা পঞ্চায়েতে অনাস্থা এনেছিল আইএসএফ। এবার সেই একই ব্লকের শাঁকশহর এবং প্রাণগঞ্জ—এই দুটি পঞ্চায়েতও সরাসরি দখল করে নিল তারা।
উল্লেখ্য, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে এই ভাঙড়–১ ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েতেই তৃণমূল নেতা শওকত মোল্লার নেতৃত্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল শাসকদল। ফলে শাঁকশহর ও প্রাণগঞ্জ পঞ্চায়েতও তৃণমূলের দখলেই ছিল। কিন্তু বিধানসভা নির্বাচনের পর ভাঙড়ের রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে যায়। তৃণমূলের অধিকাংশ পঞ্চায়েত সদস্যই বোর্ড চালানো বন্ধ করে দেন এবং অনেকেই যোগ দেন আইএসএফে। এর ফলে আইএসএফ-এর সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের পছন্দের প্রার্থীরাই এখন প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসছেন।
আইএসএফ সূত্রে জানা গেছে, শাঁকশহর পঞ্চায়েতের মোট ১৮টি আসনের মধ্যে প্রধান নিখিল মণ্ডলসহ ১২ জন সদস্য সম্প্রতি আইএসএফে যোগ দিয়েছেন। অন্যদিকে, প্রাণগঞ্জ পঞ্চায়েতের ৩০টি আসনের মধ্যে প্রধান অপর্ণা দাসসহ ১৯ জন সদস্য তৃণমূল ছেড়ে হাত মিলিয়েছেন আইএসএফের সাথে। এই সংখ্যাগরিষ্ঠতার জোরেই এখন থেকে দুটি পঞ্চায়েতের রাশ চলে গেল আইএসএফ-এর হাতে।
এই রাজনৈতিক দলবদল প্রসঙ্গে আইএসএফ নেতা আরাবুল ইসলাম বলেন, “তৃণমূল নেতাদের সীমাহীন দুর্নীতিতে অতিষ্ঠ হয়েই বহু পঞ্চায়েত সদস্য আমাদের দলে শামিল হয়েছেন।” তবে নাম প্রকাশে অনিচ্ছুক ভাঙড়ের এক তৃণমূল নেতার দাবি, “ভোটের পর থেকেই আমাদের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এবং হেনস্থা করা হচ্ছে। এলাকায় টিকে থাকতে আইএসএফে যোগ দেওয়া ছাড়া তাঁদের আর কোনও উপায় ছিল না।”
