ভাঙতে চলেছে চিনের আরও এক বিশাল হিমবাহ! নেপালে ফের মহাবিপদের আশঙ্কা? – এবেলা

ভাঙতে চলেছে চিনের আরও এক বিশাল হিমবাহ! নেপালে ফের মহাবিপদের আশঙ্কা? – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রলয়লীলায় বিধ্বস্ত নেপালে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত এই ভয়ংকর দুর্যোগে প্রাণ হারিয়েছেন ৩৫৯ জন এবং নিখোঁজ প্রায় ১৬০০। এই পরিস্থিতির মধ্যেই নেপাল-তিব্বত সীমান্তে নতুন এক হিমবাহ হ্রদ ভেঙে পড়ার চরম আতঙ্ক তৈরি হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে হ্রদটি ভেঙে হুড়মুড়িয়ে বিপুল জলরাশি নেমে আসার আশঙ্কা করা হচ্ছে। চিনের জলসম্পদ মন্ত্রকের তথ্য অনুযায়ী, ছোচেন খোলা ও পুরেপু সাংপো নদীর মিলনস্থলের কাছে সৃষ্ট এই হ্রদে ইতিমধ্যেই প্রায় ২০ লক্ষ ঘনমিটার জল জমেছে এবং তা উপচে পড়তে শুরু করেছে। আগামী তিন দিনে এতে আরও ৩০ লক্ষ জল জমে পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলতে পারে। সম্ভাব্য এই হড়পা বান এড়াতে নেপাল সরকার ভিতেকোশী, ত্রিশূলী ও নারায়ণী নদীর তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

এই প্রাকৃতিক বিপর্যয়ের জেরে স্থানীয়দের পাশাপাশি বড় ধাক্কা খেয়েছে ভারতও। বিদেশমন্ত্রকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে ঘুরতে যাওয়া এবং কর্মরত মিলিয়ে অন্তত ২৮৮ জন ভারতীয় নাগরিক এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়াও তিব্বতে উদ্ধারের অপেক্ষায় আটকে রয়েছেন আরও দুই শতাধিক মানুষ। মন্ত্রক জানিয়েছে, এই পরিসংখ্যান সম্পূর্ণ প্রাথমিক এবং প্রকৃত ক্ষয়ক্ষতি আরও অনেক বেশি হতে পারে। এমন সংকটজনক পরিস্থিতিতে নেপালের দিকে আঙুল তোলা নিয়ে বেজিং সাফ জানিয়ে দিয়েছে, দায় এড়িয়ে পারস্পরিক সহযোগিতাই জীবন বাঁচাতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *