ভাড়া করা ছাত্র থেকে শুরু করে মদের বোতল, মহারাষ্ট্রের স্কুলে বিস্ফোরক পরিদর্শনে তোলপাড় রাজনীতি – এবেলা

এবেলা ডেস্কঃ
মহারাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার কঙ্কালসার চেহারা সামনে এনে এক বিশাল বিতর্কের সৃষ্টি করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। ‘স্কুল ঠিক করো’ অভিযানের অংশ হিসেবে লাতুরের আওসা এলাকার একটি জেলা পরিষদ স্কুলে আকস্মিক পরিদর্শনে যান তিনি। সেখানে গিয়ে পানীয় জলের অভাব, শৌচাগারের বেহাল দশা এবং স্কুল চত্বরে মদের বোতল উদ্ধারের মতো মারাত্মক সব অভিযোগ তোলেন। এমনকি পরিদর্শনের সময় আসল অবস্থা ঢাকতে অন্য স্কুলের ছাত্র ভাড়া করে বসানো এবং তড়িঘড়ি নতুন থালা ও শৌচাগার পরিষ্কারের নাটক সাজানোর দাবিও করেন তিনি। ক্ষোভ প্রকাশ করে তিনি মন্তব্য করেন যে, মন্ত্রীদের গৃহপালিত কুকুরও রাজ্যের সাধারণ শিক্ষার্থীদের চেয়ে উন্নত সুযোগ-সুবিধা পায়।
অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ অবশ্য এই সমস্ত অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়েছে। প্রধান শিক্ষকের দাবি, একই ভবনে মারাঠি ও উর্দু দুটি মাধ্যম পরিচালিত হওয়ায় শিক্ষার্থীদের নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং কোনো ভুয়ো ছাত্র বা নতুন থালা আনা হয়নি। তবে নিজের অভিযোগে অনড় থেকে বছরের পর বছর ছাদ ফুটো থাকা ও বেঞ্চের অভাবের কথা তুলে ধরেছেন দিপকে। এই ঘটনার জেরে তিনি রাজ্যের স্কুলশিক্ষামন্ত্রী দাদাজি ভুসের পদত্যাগ এবং স্থানীয় শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। একইসাথে পরিস্থিতি খতিয়ে দেখতে জেলার সমস্ত সরকারি স্কুলে ১০টি মৌলিক বিষয়ে একটি সামাজিক অডিট চালানোর ঘোষণা দিয়েছে তাঁর দল।
