ভারতীয় রেলে আরএসি ব্যবস্থা নিয়ে নতুন ভাবনা, ভাড়ার একাংশ ফেরতের সম্ভাবনা

ভারতীয় রেলে আরএসি ব্যবস্থা নিয়ে নতুন ভাবনা, ভাড়ার একাংশ ফেরতের সম্ভাবনা

ভারতীয় রেলে আরএসি বা রিজার্ভেশন এগেইনস্ট ক্যানসেলেশন ব্যবস্থা নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে রেল মন্ত্রক। বর্তমান নিয়ম অনুযায়ী, আরএসি টিকিট থাকা দু’জন যাত্রীকে একটি সাইড-লোয়ার বার্থ ভাগ করে যাত্রা করতে হয়। পূর্ণ ভাড়া দিয়েও যাত্রীরা একটি আস্ত বার্থের সুবিধা পান না, যা নিয়ে দীর্ঘ দিন ধরেই যাত্রীদের মধ্যে অসন্তোষ রয়েছে। বিশেষ করে দীর্ঘ দূরত্বের যাত্রায় এই ব্যবস্থা নিয়ে নানা ধরনের অস্বস্তি ও মতবিরোধ তৈরি হয়।

পাবলিক অ্যাকাউন্টস কমিটির একটি রিপোর্টে আরএসি যাত্রীদের কাছ থেকে সম্পূর্ণ ভাড়া নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী, যে সমস্ত যাত্রী পূর্ণ বার্থের সুবিধা পাচ্ছেন না, তাঁদের ভাড়ার একটি অংশ ফেরত দেওয়ার ব্যবস্থা করা উচিত। এই সুপারিশের পর থেকেই রেল মন্ত্রকের অন্দরে আরএসি ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তবে আরএসি ব্যবস্থা পুরোপুরি তুলে দেওয়া হবে, নাকি ভাড়ার একাংশ ফেরত দেওয়ার নিয়ম চালু হবে, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি রেল। সরকারিভাবেও এ নিয়ে কোনো ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, বন্দে ভারত স্লিপার এবং অমৃত ভারত এক্সপ্রেসের স্লিপার ক্লাসে আরএসি ব্যবস্থা রাখা হয়নি, সেখানে শুধুমাত্র কনফার্মড বার্থের সুবিধা রয়েছে। ফলে আগামী দিনে অন্যান্য ট্রেনের ক্ষেত্রে রেল কী সিদ্ধান্ত নেয়, সে দিকেই নজর রয়েছে যাত্রীদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *