ভারতে ঢোকার পথেই উড়ে গেল লস্করের পুরো দল! নিয়ন্ত্রণরেখায় ভয়াবহ বিস্ফোরণে খতম ৪ শীর্ষ জঙ্গি – এবেলা

এবেলা ডেস্কঃ
জম্মু-কাশ্মীরের কৃষ্ণা ঘাটী সেক্টরের নঙ্গী টকরীর কাছে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় এক ভয়াবহ মাইন বিস্ফোরণে নিহত হয়েছে লস্কর-ই-তৈবার শীর্ষনেতা মহম্মদ ফয়জান। ভারতের সীমান্ত রক্ষায় সেনা বাহিনীর পুঁতে রাখা মাইনে পা পড়ে যাওয়ায় এই বিস্ফোরণটি ঘটে। এই ঘটনায় ফয়জানের সঙ্গে থাকা লস্করের আরও তিন কুখ্যাত সদস্য—ওয়াকাস, ইসতিয়াক এবং আসিম ঘটনাস্থলেই প্রাণ হারায়। বিস্ফোরণের পর পরই সমগ্র কৃষ্ণা ঘাটী সেক্টর ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী। দলে আর কোনো অনুপ্রবেশকারী ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, জম্মু-কাশ্মীরের মেন্ধার সেক্টরের বাসোনি এলাকায় কাঁটাতারের কাছে দুটি ল্যান্ডমাইনের সন্ধান পেয়ে তা দ্রুত নিষ্ক্রিয় করেছে সেনা। উল্লেখ্য, গত সপ্তাহেও এই এলাকা থেকে প্রায় এক ডজন ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করা হয়। সীমান্তে নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী ল্যান্ডমাইন ব্যবহার করলেও, অনেক সময় বৃষ্টির কারণে সেগুলি ভেসে গিয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে। ফলে মাইনগুলির সঠিক অবস্থান খতিয়ে দেখতে সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারি ও টহল বাড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা।
