ভারতে ফুটবল অ্যাকাডেমি গড়তে জলপাইগুড়িতে আর্জেন্টিনার প্রতিনিধি দল

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আমুজি স্পোর্টসের ১০ বছরের একটি দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ভারতের চারটি জোনে সেন্টার অফ এক্সেলেন্স এবং ফিডার অ্যাকাডেমি গড়ে তোলা হবে। প্রকল্পের অংশ হিসেবে আর্জেন্টিনার প্রতিনিধিরা বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে ফুটবল পরিকাঠামো খতিয়ে দেখছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার জলপাইগুড়ির মোহিতনগর স্পোর্টিং অ্যাকাডেমির মাঠে উপস্থিত হন আর্জেন্টিনার প্রতিনিধি দলের সদস্যরা।
আর্জেন্টিনা ফুটবল ইন্টারন্যাশনালের কমার্শিয়াল ম্যানেজার মার্টিন টুলা, জুনিয়র দলের হেড কোচ আলেহান্দ্রো লিনো এবং স্পোর্টস ম্যানেজার নিকোলাস সানালিত্রো মোহিতনগরে খুদে ফুটবলারদের খেলার মান ও মাঠের পরিকাঠামো পর্যবেক্ষণ করেন। জলপাইগুড়ির পর তারা স্থানীয় সাই কেন্দ্রসহ আরও বেশ কয়েকটি কোচিং ক্যাম্প ও স্কুল পরিদর্শনের পরিকল্পনা করেছেন। এর আগে কলকাতা, কল্যাণী, বোলপুর সাই এবং মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মতো ক্লাবের প্রতিনিধিদের সঙ্গেও তারা আলোচনা সেরেছেন।
প্রতিনিধি দলের মতে, ভারতের ফুটবলের সামগ্রিক মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানে পৌঁছানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কোচ আলেহান্দ্রো লিনো জানান, দীর্ঘমেয়াদী পরিশ্রম এবং নিয়মিত টুর্নামেন্ট খেলার মাধ্যমেই ফুটবলের ভিত্তি মজবুত করা সম্ভব। এই প্রকল্পের ফলে নতুন প্রজন্মের খেলোয়াড়রা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও অনুপ্রেরণা পাবে বলে আশা করা হচ্ছে।
