ভারতে ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার নিয়ে কাটেনি ধোঁয়াশা, দায় ঝাড়ল প্রসার ভারতীও – এবেলা

এবেলা ডেস্কঃ
আগামী ১২ জুন থেকে শুরু হতে চলেছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের এই মেগা টুর্নামেন্ট ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা তৈরি হলেও ভারতে এই টুর্নামেন্টের সরাসরি সম্প্রচার নিয়ে এখনও পর্যন্ত যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। কাতার বিশ্বকাপের বিপুল জনপ্রিয়তার পরও ভারতীয় ব্রডকাস্টাররা এবারের টুর্নামেন্ট নিয়ে কোনও আগ্রহ প্রকাশ করেননি। এই পরিস্থিতিতে আশা করা হয়েছিল যে প্রসার ভারতী হয়ত দেশের ফুটবলপ্রেমীদের স্বার্থে এই টুর্নামেন্ট সম্প্রচারের দায়িত্ব নিতে পারে, কিন্তু সাম্প্রতিক এক ঘটনার পর সেই আশাতেও জল ঢেলে গেছে।
সম্প্রচারের ক্ষেত্রে আইনি জটিলতা ও প্রসার ভারতীর অনীহা
সম্প্রতি দিল্লি হাইকোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছিল, যেখানে দাবি করা হয় যে ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের মতো বড় ম্যাচগুলো যেন ফ্রি-টু-এয়ার প্ল্যাটফর্মে সম্প্রচার করা হয়। পিটিশন দাখিলকারী চেয়েছিলেন, এই ম্যাচগুলোর সরাসরি সম্প্রচার যাতে দূরদর্শন এবং ডিডি স্পোর্টসের মাধ্যমে গোটা দেশে নিখরচায় করা হয়। কিন্তু আদালতের শুনানি চলাকালীন প্রসার ভারতী স্পষ্ট জানিয়ে দিয়েছে, ফিফা বিশ্বকাপ মিডিয়া স্বত্ত্ব অর্জন করার ক্ষেত্রে তাদের কোনও দায়বদ্ধতা নেই। এই পরিস্থিতিতে গত ১৯ মে পিটিশন দাখিলকারী আইনজীবী অবধেশ বৈরবা আদালত থেকে তাঁর পিটিশন ফিরিয়ে নেওয়ার অনুমতি চেয়েছেন। এর আগে গত ১২ মে দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে সূচনা এবং সম্প্রচার মন্ত্রক ও প্রসার ভারতীকে নোটিস পাঠানো হয়েছিল।
কেন আগ্রহ হারাচ্ছেন ভারতীয় ব্রডকাস্টাররা
ভারতে ফুটবলের জনপ্রিয়তা বিগত কয়েক বছরে অনেকটাই বেড়েছে এবং ২০২২ কাতার বিশ্বকাপে রেকর্ড সংখ্যক ভারতীয় দর্শক টেলিভিশনের পর্দায় খেলা দেখেছিলেন। আদালতে পেশ করা তথ্য অনুসারে, গত বিশ্বকাপে ভারতের মোট ৭৪.৫৭ কোটি দর্শক টেলিভিশনের পর্দায় এই টুর্নামেন্ট উপভোগ করেছিলেন। বিপুল দর্শকসংখ্যা থাকা সত্ত্বেও ২০২৬ বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ব্রডকাস্টার পাওয়া যায়নি। এর মূল কারণ হিসেবে উঠে আসছে স্বত্ত্বের চড়া মূল্য। ২০২৬ এবং ২০৩০ বিশ্বকাপের জন্য ভারতীয় মিডিয়া স্বত্ত্বের দাম প্রায় ১০ কোটি ডলার ধার্য করা হয়েছিল, যা পরবর্তীকালে কমিয়ে ৩.৫ কোটি ডলার করা হয়। কিন্তু এরপরও কোনও ভারতীয় মিডিয়া এই স্বত্ত্ব কিনতে রাজি হচ্ছে না। শোনা যাচ্ছে, জিও হটস্টারের পক্ষ থেকে সর্বোচ্চ ২ কোটি ডলারের প্রস্তাব দেওয়া হয়েছিল, যা ফিফার বেঁধে দেওয়া মূল্যের চেয়ে কম। ফলে খেলা শুরুর মুখে এসেও ভারতের কোটি কোটি ফুটবল সমর্থক চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
