ভারত-জাপান প্রতিরক্ষা চুক্তি: ভারতের মাটিতে প্রথমবার লাইভ-ফায়ার মহড়া চালাবে জাপান

ভারত ও জাপানের মধ্যে অনুষ্ঠিত সাম্প্রতিক ‘২+২’ বৈঠকে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো, জাপানের সেলফ-ডিফেন্স ফোর্স প্রথমবারের মতো ভারতের ফায়ারিং রেঞ্জে লাইভ-ফায়ার প্রশিক্ষণ ও মহড়া চালাবে। জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের অনুশীলনসহ এই মহড়ার রূপরেখা চূড়ান্ত করতে দুই দেশ একটি লেটার অফ ইনটেন্ট স্বাক্ষর করেছে। এছাড়া যৌথ সামরিক মহড়ায় ড্রোন ও চালকবিহীন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়েও দুই দেশ ঐকমত্যে পৌঁছেছে।
প্রতিরক্ষা উৎপাদনে ‘ডিজাইন উইথ জাপান, মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় শিল্প সহযোগিতা আরও জোরদার করা হবে। সামুদ্রিক নিরাপত্তা চুক্তির মাধ্যমে ভারতীয় নৌবাহিনী ও জাপানের মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের সমন্বয় বাড়ানো হবে। এর মধ্যে আকাশসীমা নজরদারি, তথ্য বিনিময়, দুর্যোগ মোকাবিলা এবং যুদ্ধজাহাজ নির্মাণে যৌথ উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি এআই-চালিত সাইবার হামলা মোকাবিলা, মহাকাশ প্রযুক্তি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপদ সাবমেরিন কেবল নেটওয়ার্ক গড়ার বিষয়েও দুই দেশ একমত হয়েছে।
বৈঠকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও স্থিতাবস্থা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদসহ সব ধরনের চরমপন্থার নিন্দা জানিয়ে সন্ত্রাসের অর্থায়ন বন্ধ ও নিরাপদ আশ্রয়স্থল নির্মূলের আহ্বান জানানো হয়েছে। এছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার এবং স্থায়ী সদস্যপদ লাভের ক্ষেত্রে দুই দেশ একে অপরের দাবির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তিতে ২০২৭ সালকে ‘ভারত-জাপান শেয়ারড হরাইজনস ইয়ার’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তী ‘২+২’ বৈঠক ভারতে অনুষ্ঠিত হবে।
