‘ভালোবাসা চুরির’ মাশুল! স্বামীর পরকীয়া ভাঙাতে প্রেমিকার কাছে ৫০ লাখ দাবি স্ত্রীর, যা বলল আদালত – এবেলা

‘ভালোবাসা চুরির’ মাশুল! স্বামীর পরকীয়া ভাঙাতে প্রেমিকার কাছে ৫০ লাখ দাবি স্ত্রীর, যা বলল আদালত – এবেলা

এবেলা ডেস্কঃ

স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক রুখতে প্রেমিকার বিরুদ্ধে ৫০ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে দিল্লির আদালতে মামলা ঠুকলেন এক স্ত্রী। তাঁর দাবি, ওই নারী তাঁদের বৈবাহিক জীবনের ‘ভালোবাসা চুরি’ করেছেন এবং সংসার ভেঙেছেন। তবে সব দিক বিবেচনা করে এই অভিনব আবেদন শেষ পর্যন্ত খারিজ করে দিয়েছে আদালত।

মামলা সূত্রের খবর, ২০০১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির মধ্যে ২০১২ সাল থেকেই বিবাহবিচ্ছেদের আইনি লড়াই চলছিল। স্ত্রীর অভিযোগ, ২০০৯ সালে আমেরিকা সফরে গিয়ে তাঁর স্বামী অন্য এক নারীর প্রেমে পড়েন। পরবর্তীতে ২০১৩ সালে বাড়ি ছেড়ে চলে যান এবং ২০১৫ সালে ওই নারীকে বিয়ে করেন। ২০১৬ সালে তাঁদের একটি কন্যাসন্তানও হয়। প্রথমে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেও পরে তা কমিয়ে ৫০ লাখ টাকা দাবি করেন স্ত্রী। তাঁর যুক্তি ছিল, তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের কারণেই তাঁদের দাম্পত্যে ফাটল ধরেছে।

তবে দিল্লির জেলা বিচারক অতুল আলাওয়াত আবেদনটি খারিজ করে জানিয়ে দেন, স্বামী অন্য সম্পর্কে জড়ালেই তৃতীয় পক্ষকে দায়ী করা যায় না। এর পেছনে পরকীয়ায় জড়ানো নারীর প্ররোচনা ছিল—এমন কোনো স্পষ্ট প্রমাণ মেলেনি। শুনানি চলাকালীন আদালত আরও উল্লেখ করে যে, দম্পতির নিজেদের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিন ধরেই ভালো ছিল না। পরিশেষে বিচারক সাফ জানান, বৈবাহিক সম্পর্কে বিশ্বস্ত থাকার সম্পূর্ণ দায় স্বামীর নিজের, এর জন্য পরবর্তীতে তিনি যার সঙ্গে সম্পর্কিত হন, সেই তৃতীয় ব্যক্তি আইনত দায়ী নন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *