‘ভিত্তিহীন অভিযোগে গণতন্ত্রের ক্ষতি নয়!’ অপপ্রচারের বিরুদ্ধে যৌথ বার্তা ৪২ প্রবীণ বিচারকের – এবেলা

এবেলা ডেস্কঃ
দেশজুড়ে নির্বাচন কমিশনের ভূমিকা এবং বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে তীব্র রাজনৈতিক চর্চার মধ্যেই নজিরবিহীন পদক্ষেপ নিলেন সুপ্রিম কোর্ট ও বিভিন্ন হাইকোর্টের ৪২ জন প্রাক্তন বিচারপতি। কোনো সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য প্রমাণ ছাড়াই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর দায় চাপানো এবং কাদা ছোড়াছুড়িকে ‘বিপজ্জনক প্রবণতা’ আখ্যা দিয়ে যৌথভাবে একটি খোলা চিঠি দিয়েছেন তাঁরা।
স্বার্থান্বেষী এজেন্ডা ও প্রমাণহীন পিটিশন চিঠিতে মানবাধিকার রক্ষা ও তথাকথিত অ্যাক্টিভিস্ট সংগঠনগুলোর ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। প্রবীণ বিচারকদের দাবি, একটি নির্দিষ্ট স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে একের পর এক ভিত্তিহীন পিটিশন আদালতে দাখিল করে চলেছে। কিন্তু আইনি শুনানির সময় নিজেদের দাবির সপক্ষে বিন্দুমাত্র গঠনমূলক বা সঠিক প্রমাণ পেশ করতে পারছে না।
রায় বিপক্ষে গেলেই বিচারবিভাগকে নিশানা প্রাক্তন বিচারপতিদের আরও অভিযোগ, আদালতের রায়ে নিজেদের রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থসিদ্ধি না হলেই স্বাধীন বিচারবিভাগের ওপর কদর্য আক্রমণ শুরু করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া ও সাধারণ মাধ্যমে এই ধরনের বিষোদ্গার ছড়ানোর মূল উদ্দেশ্যই হলো দেশের বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের দীর্ঘদিনের গভীর আস্থা ও বিশ্বাস ধুলিস্যাৎ করা।
গণতন্ত্র সুরক্ষায় কড়া আর্জি দেশের গণতান্ত্রিক কাঠামো অক্ষুণ্ণ রাখতে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় এই ধরনের ভিত্তিহীন অভিযোগ ও আইনি প্রক্রিয়ার অপব্যবহার অবিলম্বে বন্ধ করার জোর দাবি জানিয়েছেন প্রবীণ বিচারপতিরা।
