ভিন ধর্মে বিয়েতে বাধা নয়! পুলিশি নিরাপত্তার কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের – এবেলা

ভিন ধর্মে বিয়েতে বাধা নয়! পুলিশি নিরাপত্তার কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: ভিন ধর্মে বিয়ের সিদ্ধান্ত নেওয়ায় স্থানীয় মাতব্বরদের হুমকির মুখে পড়া এক প্রেমিক যুগলকে আইনি সুরক্ষা দিল কলকাতা হাইকোর্ট। আদালত সাফ জানিয়ে দিয়েছে, প্রাপ্তবয়স্কদের নিজেদের জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার একটি সাংবিধানিক অধিকার, যা কোনওভাবেই ক্ষুণ্ণ করা যাবে না। আগামী বুধবার, ২৯ জুলাই তাঁদের বিয়ের রেজিস্ট্রেশনের দিন পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

হাওড়ার উলুবেবাড়িয়ার বাসিন্দা ওই তরুণ-তরুণী দীর্ঘদিনের সম্পর্কের পর স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করার সিদ্ধান্ত নেন। দুই পরিবারের এতে সম্মতি থাকলেও বিপত্তি বাঁধে বিয়ের নোটিস প্রকাশ্যে আসার পর। এলাকার কিছু মাতব্বর এই বিয়েতে বাধা দিতে শুরু করেন এবং সালিশি সভা বসিয়ে যুগলের পরিবারকে হুমকি ও জোর করে মুচলেকা লেখানোর অভিযোগ ওঠে। এমনকি স্থানীয় থানার এক অফিসারের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ করেন আবেদনকারীরা। স্থানীয় প্রশাসনের কাছে প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত তাঁরা হাইকোর্টের শরণাপন্ন হন।

মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, বিয়ের দিন আবেদনকারী যুগলকে সম্পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, তা পুলিশকে নিশ্চিত করতে হবে। আদালতের পর্যবেক্ষণ, কেবল শান্তি-শৃঙ্খলা রক্ষা করাই পুলিশের দায়িত্ব নয়, বরং ভিন ধর্মে বিয়ে হওয়ার কারণে কারও সাংবিধানিক অধিকারে বাধা দেওয়ার অধিকার কারও নেই।

আদালত উলুবেড়িয়া থানার আইসিকে বিয়ের দিন পর্যাপ্ত পুলিশি সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে এই বিষয়ে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ১০ অগস্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *