ভুটান সীমান্তের দিকে অগ্রসর বক্সার বাঘিনি, সতর্ক বন দপ্তর

ভুটান সীমান্তের দিকে অগ্রসর বক্সার বাঘিনি, সতর্ক বন দপ্তর

আসাম পেরিয়ে ভুটান সীমান্তের দিকে এগিয়ে চলেছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের রেডিও কলার পরানো বাঘিনিটি। বাঘিনিটি ভুটানের থিবসু অভয়ারণ্যের দিকে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছেন বন আধিকারিকরা। যদি সে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভুটানে প্রবেশ করে, তবে তা হবে এক বিরল ঘটনা। এর আগে রেডিও কলার পরানো কোনো বাঘের ভারত থেকে অন্য দেশে যাওয়ার এমন প্রামাণ্য রেকর্ড নেই।

বাঘিনিটিকে সীমান্ত পার হওয়া থেকে আটকাতে নির্দিষ্ট এলাকায় রাজ্যের বন দপ্তরের পক্ষ থেকে ছ’টি কুনকি হাতি মোতায়েন করা হয়েছে। তবে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি বা এনটিসিএ-র পক্ষ থেকে বাঘিনিটিকে বিরক্ত না করার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বাঘিনির গতিবিধির ওপর নজর রাখতে রাতে সার্চলাইট ব্যবহার, বাজি ফাটানো, সাইরেন বা ঢাকঢোল বাজানোর মতো কাজ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বর্তমানে রেডিও কলার ও গ্রাউন্ড ট্র্যাকিংয়ের মাধ্যমে বাঘিনিটির প্রতিটি পদক্ষেপের ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। বাঘিনিটি যদি শেষ পর্যন্ত ভুটানে প্রবেশ করে, তবে মনিটরিং দলের কাছে তার অবস্থান জানার একমাত্র ভরসা হবে রেডিও কলারের পাঠানো লোকেশন। বর্তমানে বাঘিনিটির পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে বন দপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *