ভুয়ো ST সার্টিফিকেটধারীদের জেলযাত্রা নিশ্চিত! হুল দিবসের মঞ্চে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর – এবেলা

ভুয়ো ST সার্টিফিকেটধারীদের জেলযাত্রা নিশ্চিত! হুল দিবসের মঞ্চে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ

মুকুটমণিপুর: হুল দিবসের পবিত্র মঞ্চ থেকে রাজ্যের জনজাতি ও আদিবাসী সম্প্রদায়ের জন্য একগুচ্ছ বড় প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন জঙ্গলমহলের সামগ্রিক উন্নয়নে ১২০০ কোটি টাকার মেগা বাজেট বরাদ্দের পাশাপাশি ভুয়ো সার্টিফিকেটধারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়ার কথা স্পষ্ট করে দিলেন তিনি।

ভুয়ো সার্টিফিকেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

পূর্বতন সরকারের আমলে তফশিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণ নীতি লঙ্ঘনের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে হাজার হাজার ভুয়ো ST সার্টিফিকেট বিলি করা হয়েছে। এই জালিয়াতি রুখতে তাঁর সরকার তদন্ত শুরু করেছে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, “যারা এই ভুয়ো সার্টিফিকেট দিয়েছে এবং যারা জালিয়াতি করে তা নিয়েছে— দু’জনকেই জেলে যেতে হবে।”

মুখ্যমন্ত্রীর উল্লেখযোগ্য ঘোষণা ও প্রকল্পের রূপরেখা:

  • অন্নপূর্ণা যোজনা: ১ জুলাই থেকে ১ কোটি ২০ লক্ষেরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এককালীন ৩০০০ টাকা এবং পরবর্তীতে প্রতি মাসে ভাতার টাকা সরাসরি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ৫ লক্ষ জনজাতি উপভোক্তাও রয়েছেন।
  • ভাতা বৃদ্ধি: জনজাতি ছাত্রাবাসের পড়ুয়াদের মাসিক খাদ্যভাতা ১৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩৩০০ টাকা করা হয়েছে। বাড়ানো হয়েছে ‘জয় জোহার’ ভাতাও।
  • পরিকাঠামো উন্নয়ন: জঙ্গলমহলের ৭৫টি ব্লকের উন্নয়নের জন্য ১২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে (বিগত সরকারের সময় যা ছিল মাত্র ৬ কোটি)।
  • অর্থনৈতিক করিডোর: ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে দুর্গাপুর পর্যন্ত ২০০ কিলোমিটার দীর্ঘ নতুন অর্থনৈতিক করিডোর তৈরির ঘোষণা করা হয়েছে।
  • বিশেষ প্রকল্প: জনজাতি গ্রামগুলিতে ‘ধর্তি আবা জনজাতীয় গ্রামীণ উৎকর্ষ অভিযান’, বন্যপ্রাণী সংঘাত রুখতে ‘আর্লি ওয়ার্নিং সিস্টেম’ এবং ‘পিএম জনমন’ প্রকল্পের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তৃণমূলের বিরুদ্ধে তোষণ রাজনীতির অভিযোগ

পূর্বতন সরকারের অসহযোগিতার কারণেই কেন্দ্রীয় প্রকল্পগুলি এতদিন থমকে ছিল বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “অত্যাচারী, তোষণবাজ ও দুর্নীতিগ্রস্তরা শেষ কথা বলতে পারে না, শেষ কথা বলে জনতা।” উল্লেখ্য, এবারের নির্বাচনে রাজ্যের ১৬টি সংরক্ষিত আদিবাসী আসনের সবকটিতেই বিজেপি জয়ী হয়েছে, যার জন্য জনজাতি সমাজকে কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী।

বক্তব্যের শেষে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন, “হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ— এই অঙ্গীকার নিয়েই পশ্চিমবঙ্গ সরকার সর্বদা জঙ্গলমহলের মানুষের পাশে থাকবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *