‘ভুলের প্রায়শ্চিত্ত করুন’, ২১ জুলাইয়ের কর্মসূচিতে মমতাকে আমন্ত্রণ কংগ্রেসের – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: ২১ জুলাই শহিদ দিবসকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ! শহিদ মিনারে কংগ্রেসের ২১ জুলাইয়ের কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এখানেই শেষ নয়, শুভঙ্করের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়া একটি ‘ভুল রাজনৈতিক সিদ্ধান্ত’ ছিল এবং এবার সেই ভুলের প্রায়শ্চিত্ত করার সময় এসেছে।
মমতাকে চ্যালেঞ্জ কংগ্রেসের: মঙ্গলবার শহিদ মিনারে কংগ্রেসের কর্মসূচির প্রস্তুতি খতিয়ে দেখার পর শুভঙ্কর সরকার বলেন, “১৯৯৩ সালের ২১ জুলাইয়ের আন্দোলন হয়েছিল যুব কংগ্রেসের পতাকার নীচে। এই ঐতিহাসিক সত্য অস্বীকার করার কোনো উপায় নেই।” মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি সাহস থাকে, তবে তিনি স্বীকার করুন যে অতীতে ভুল রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিলেন। শহিদ মিনারে আমাদের মঞ্চে এসে তিনি যদি শহিদদের শ্রদ্ধা জানাতে চান, তবে তাঁকে স্বাগত। আমাদের মঞ্চ সবার জন্য খোলা।”
কেন এই আহ্বান? শুভঙ্কর সরকারের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রকাশ্যে মেনে নেন যে কংগ্রেস ছেড়ে যাওয়া তাঁর ভুল ছিল এবং শহিদ মিনারে এসে শ্রদ্ধা জানান, তবে সেটি হবে তাঁর রাজনৈতিক প্রায়শ্চিত্ত। প্রদেশ কংগ্রেস সভাপতির এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।
২১ জুলাইয়ের রাজনীতির সমীকরণ: ১৯৯৩ সালের ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব কংগ্রেসের মিছিলে পুলিশের গুলিতে ১৩ জনের মৃত্যুর ঘটনাটি বাংলার রাজনীতির ইতিহাসে এক মাইলফলক। ১৯৯৭ সালে তৃণমূল গঠনের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরই এই দিনটি বিশাল সমাবেশের মাধ্যমে পালন করে আসছেন। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূলের অন্দরে বিদ্রোহ এবং আদালতের অনুমতিসহ বিভিন্ন জটিলতার কারণে এবারের ২১ জুলাই হয়ে উঠেছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
একদিকে তৃণমূলের বড় সমাবেশ, অন্যদিকে কংগ্রেসের ঐতিহাসিক মালিকানার দাবি এবং প্রদেশ কংগ্রেস সভাপতির এই নজিরবিহীন আমন্ত্রণ— সব মিলিয়ে এবারের ২১ জুলাইয়ের রাজনৈতিক মঞ্চ উত্তপ্ত হয়ে ওঠার অপেক্ষায়।
