ভুল তথ্যে কেনাকাটার দিন শেষ FSSAI-এর চরম চাবুকে নতি স্বীকার ৫ তাবড় সংস্থার – এবেলা

ভুল তথ্যে কেনাকাটার দিন শেষ FSSAI-এর চরম চাবুকে নতি স্বীকার ৫ তাবড় সংস্থার – এবেলা

এবেলা ডেস্কঃ

খাদ্য ও পানীয়ের প্যাকেজিং এবং বিজ্ঞাপনে বিভ্রান্তিকর দাবি করার বিরুদ্ধে ভারতের খাদ্য নিরাপত্তা ও মানক কর্তৃপক্ষ (FSSAI) কঠোর অবস্থান নেওয়ার পর নতি স্বীকার করেছে দেশের পাঁচটি বড় সংস্থা। ‘বন বিস্কুট’, ‘ঝান্ডু হানি’ নির্মাতা ইমামি ও এপিস ইন্ডিয়া, ‘অ্যামওয়ে’, ‘জুজা ফুডস’ এবং ‘মাস্টারচৌ’-এর মতো নামী ব্র্যান্ডগুলি এতদিন তাদের পণ্যে ‘১০০% খাঁটি’, ‘১০০% প্রাকৃতিক’ বা ‘১০০% ভেগান’-এর মতো নানা চটকদার শব্দ ব্যবহার করছিল। খাদ্য নিয়ামক সংস্থার আপত্তির মুখে পড়ে এই সংস্থাগুলি অবশেষে তাদের ভুল স্বীকার করে নিয়েছে এবং নিজেদের লেবেল ও ওয়েবসাইট থেকে এই ধরনের সমস্ত দাবি নীরবে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে।

FSSAI স্পষ্ট জানিয়েছে যে, পর্যাপ্ত তথ্য ও প্রমাণ ছাড়া যেকোনো খাদ্যসামগ্রীকে ‘১০০% খাঁটি’ হিসেবে দাবি করা গ্রাহকদের সঙ্গে প্রতারণার সামিল। এই কড়া বার্তার পর অ্যামওয়ে তাদের ওয়েবসাইট থেকে বিভ্রান্তিকর তথ্য সরিয়েছে এবং নতুন প্যাকেজিং আনার ঘোষণা দিয়েছে। অন্যদিকে জুজা ফুডস তাদের ই-কমার্স ওয়েবসাইটটি আপাতত বন্ধ রেখে সংশোধনের কাজ চালাচ্ছে এবং মাস্টারচৌ তাদের নুডলসের প্যাকেট থেকে দাবিটি বাদ দিয়েছে। খাদ্য নিয়ামক সংস্থার এই ঐতিহাসিক পদক্ষেপে স্পষ্ট যে, ভবিষ্যতে মনগড়া শব্দের জালে ক্রেতাদের বিভ্রান্ত করা আর সহজ হবে না। কারণ পণ্যের আসল গুণমান নিশ্চিত করতে প্যাকেজিং সংক্রান্ত নিয়ম আরও কড়া করছে FSSAI।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *