‘ভেদাভেদ নয়, আসুন বন্ধু হই’—নন্দীগ্রামে মুসলিমদের পাশে টানতে শুভেন্দুর বার্তা
নন্দীগ্রাম উপনির্বাচনের প্রচারে নেমে সংখ্যালঘু ভোটারদের মন জয় করতে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার দেবীপুরে বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে আয়োজিত নির্বাচনী সভায় যোগ দিয়ে তিনি সংখ্যালঘু সম্প্রদায়কে বন্ধুত্বের আহ্বান জানান। মঞ্চ থেকে তিনি বলেন, এতদিন দূরত্ব থাকলেও এবার বিজেপির সঙ্গে সম্পর্ক তৈরির সুবর্ণ সুযোগ রয়েছে। সংখ্যালঘু ভোটারদের মুখ ফিরিয়ে না থাকার অনুরোধ জানিয়ে শুভেন্দু বলেন, “আপনারা আমাদের বন্ধু। আসুন, বন্ধুত্ব করি। আগামী ৬ অক্টোবর সবাই এক হয়ে বিজেপি প্রার্থীকে সমর্থন করুন। এটা আপনাদের বন্ধু হওয়ার একটি বড় সুযোগ।”
এদিনের সভা থেকে অন্য সম্প্রদায়ের মানুষের উপর স্লোগান চাপিয়ে দেওয়ার অভিযোগ খারিজ করে তিনি দাবি করেন, বিজেপির কর্মীরা ভালোবেসেই ‘জয় শ্রীরাম’ বলেন। পাশাপাশি, রাজনীতিতে ‘৭০-৩০ শতাংশ’-এর ধর্মীয় মেরুকরণ ও বিভাজনের রাজনীতি বন্ধ করার পক্ষে জোরালো সওয়াল করেন তিনি। বিরোধী শিবিরকে কটাক্ষ করে এবং কংগ্রেস ও বামেদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নন্দীগ্রামের মাটিতে নতুন রাজনৈতিক সমীকরণের বার্তা দেন মুখ্যমন্ত্রী।
