‘ভেবেছিলাম চাকরিটাই গেল!’ চিন সীমান্তে গোপন অভিযানের সত্যি প্রকাশ করলেন অজিত ডোভাল – এবেলা

এবেলা ডেস্কঃ
September 20, 202611:00 am
কেরিয়ারের একেবারে শুরুর দিকেই এক বড় বিপর্যয়ের মুখে পড়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল। সিকিম সীমান্তে চিনের পিপলস লিবারেশন আর্মি (PLA)-র হাতে আটক হয়েছিল তাঁরই পাঠানো গোয়েন্দা দল। সম্প্রতি আইআইটি রুরকির (IIT Roorkee) সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের গোয়েন্দা জীবনের সেই রুদ্ধশ্বাস ঘটনা তুলে ধরলেন তিনি।
ঘটনাটি সিকিম ভারতের অন্তর্ভুক্ত হওয়ার ঠিক আগের সময়ের। তখন কুড়ি বছর বয়সের তরুণ অজিত ডোভাল সিকিমে গোয়েন্দা বিভাগের দায়িত্বে। উদ্দেশ্য— সীমান্ত এলাকায় নজরদারি রাখা এবং চিনা সেনার গতিবিধি পর্যবেক্ষণ করা। এমনই এক অভিযানে সীমান্তে একটি গোয়েন্দা দল পাঠান তিনি। ৫ থেকে ৬ দিনের মধ্যে ফেরার কথা থাকলেও ৫ দিন, ১০ দিন পেরিয়ে প্রায় ১৫ দিন কাটলেও তাঁদের কোনও খোঁজ মেলেনি। দুর্ঘটনার কোনও খবর না থাকায় চরম দুশ্চিন্তায় পড়েন ডোভাল।
এর মধ্যেই দিল্লি সদর দফতর থেকে ফোন আসে। উর্ধ্বতন কর্তৃপক্ষ ডোভালকে জানায়, তাঁর পাঠানো পুরো দলটাই এখন চিনা সেনার হেফাজতে বন্দি! চিনা বাহিনী তাঁদের টানা জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তীতে দীর্ঘ কূটনৈতিক আলোচনার পর ফিরিয়ে দেয়। তবে ফিরে আসার পর দলের সদস্যদের শারীরিক অবস্থা একেবারেই ভাল ছিল না।
ঘটনার পরই শুরু হয় উচ্চপর্যায়ের তদন্ত। ডোভালের কথায়, সেই সময়ে নিজের পরিচালিত এই অভিযানকে অত্যন্ত ‘অপেশাদার’ মনে হয়েছিল তাঁর। ভেবেছিলেন, গোয়েন্দা হিসেবে তাঁর পেশাগত জীবন হয়তো সেখানেই শেষ। কিন্তু তদন্তের শেষে দেখা যায়, মূল ভুল ডোভালের ছিল না। সদর দফতর থেকে পাঠানো মানচিত্রে ভুল থাকার কারণেই পথ হারিয়ে চিনের সীমানায় ঢুকে পড়েছিল দলটি। ফলে তদন্তে পুরোপুরি রেহাই পান তিনি।
উল্লেখ্য, ১৯৫০ সালের ভারত-সিকিম চুক্তি অনুযায়ী সিকিম ভারতের প্রটেক্টরেট বা আশ্রিত রাজ্য ছিল। পরবর্তীতে ১৯৭৫ সালে এটি আনুষ্ঠানিকভাবে ভারতের ২২তম রাজ্য হিসেবে যুক্ত হয়।
