ভোটার তালিকা থেকে নাম গায়েব? আইনি ভয়ে না ভুগে দ্রুত করুন এই কাজটি, জানাল কমিশন – এবেলা

এবেলা ডেস্কঃ
এসআইআর (SIR)-এর খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় সাধারণ নাগরিকদের মধ্যে তৈরি হওয়া আইনি ভীতি দূর করতে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। কমিশন স্পষ্ট জানিয়েছে, আগে নাম থাকলেও খসড়া তালিকায় নাম না থাকলে নতুন করে ফর্ম ৬ (Form 6) জমা দিতে পারবেন ভোটাররা। এর জন্য সংশ্লিষ্ট আবেদনকারীর বিরুদ্ধে কোনও ধরনের ফৌজদারি বা আইনি পদক্ষেপ করা হবে না। মঙ্গলবার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানো নির্দেশিকায় এই কথা স্পষ্ট করে জানানো হয়েছে।
কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, এসআইআর প্রক্রিয়া চলাকালীন যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের নতুন করে ভোটার হিসেবেই নাম নথিভুক্ত করতে হবে এবং এক্ষেত্রে ফর্ম ৬ জমা দেওয়ায় কোনও আইনি বাধা নেই। জনপ্রতিনিধিত্ব আইনের ৩১ নম্বর ধারা অনুযায়ী শুধুমাত্র এই কারণে কারও বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা যাবে না, যদি না আবেদনকারীর নাম অন্য কোনো বিধানসভা বা লোকসভা কেন্দ্রে থেকে থাকে। তবে কমিশনের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বিরোধী দলগুলি। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, কমিশনের এই অবস্থান কেবল ত্রুটিপূর্ণ প্রক্রিয়া আড়াল করার একটি বিভ্রান্তিকর চেষ্টা মাত্র।
