ভোটার লিস্টে নিজের নাম আছে তো!

সরকারি প্রকল্পের সুবিধা প্রদানে আধার কার্ডের বিকল্প ভাবছে কেন্দ্র: রাজ্য পর্যায়ে অন্নপূর্ণা যোজনার তালিকা যাচাইয়ের নির্দেশ
নিজস্ব প্রতিবেদন, দিল্লি ও কলকাতা: আধার কার্ডের জালিয়াতি রুখতে সরকারি প্রকল্পের সুবিধা হস্তান্তরের ক্ষেত্রে নতুন নিয়মের ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রক। অন্যদিকে, পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা নতুন করে যাচাইয়ের নির্দেশ দিয়েছে।
দিল্লিতে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রক আয়োজিত ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন পিপলস প্ল্যান ক্যাম্পেন ২০২৬-২৭’ অনুষ্ঠানে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী রাজীবরঞ্জন সিং (লালন সিং) জানান, আধার কার্ড সংক্রান্ত জালিয়াতির ঘটনা বর্তমানে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার মোকাবিলায় সরকারি প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর ক্ষেত্রে আধার কার্ডের পরিবর্তে ভোটার কার্ড এবং বায়োমেট্রিক পদ্ধতিকে ভিত্তি হিসেবে ব্যবহারের কথা বিবেচনা করছে কেন্দ্র।
এরই পাশাপাশি, রাজ্যে অন্নপূর্ণা যোজনার স্বচ্ছতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ জমা পড়েছে যে, এই প্রকল্পের উপভোক্তা তালিকায় সরকারি চাকরিজীবী, আয়করদাতা এমনকি মৃত ব্যক্তিদের নামও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদানের টাকা না পৌঁছানোর অভিযোগও সামনে এসেছে।
এই অনিয়ম রুখতে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জেলাশাসকদের উপভোক্তা তালিকা নতুন করে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। অযোগ্য বা মৃত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার পাশাপাশি সমস্যার প্রকৃত কারণ অনুসন্ধান করে দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।
