ভোটের আগেই বড় জয়! ৬টি মামলাতেই জামিন পেলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান – এবেলা

এবেলা ডেস্কঃ
September 29, 20261:20 pm
নন্দীগ্রাম: উপনির্বাচনের ঠিক আগে বড়সড় আইনি স্বস্তি পেলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। কলকাতা হাইকোর্টে জোড়া স্বস্তি পেয়ে ২০ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে তাঁর। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চের এই রায়ে ভোটের মুখে নতুন করে অক্সিজেন পেল কংগ্রেস শিবির।
আদালত সূত্রে খবর, মিলন প্রধানের বিরুদ্ধে খেজুড়ি থানায় ২টি এবং নন্দীগ্রাম থানায় ৪টি—মোট ৬টি মামলা ঝুলছিল। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই সবকটি মামলাতেই তাঁর জামিন মঞ্জুর করা হয়। ফলে আগামী ৬ অক্টোবরের ভোটগ্রহণ এবং ৯ অক্টোবরের ফলাফল প্রকাশের দিন সশরীরে উপস্থিত থাকতে পারবেন কংগ্রেস প্রার্থী। এমনকি ভোটের শেষ মুহূর্তের হেভিওয়েট প্রচারেও তাঁকে দেখা যাবে।
তবে আদালতের তরফে জামিনের কিছু কড়া শর্ত ধার্য করা হয়েছে। ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে মিলনকে এই জামিন দেওয়া হয়। আগামী ২১ অক্টোবর তাঁকে জেলা নিম্ন আদালতে বাধ্যতামূলকভাবে হাজিরা দিতে হবে। পাশাপাশি, তদন্তের স্বার্থে পুলিশ আধিকারিকরা দিনে দু’বার তাঁকে ফোনে যোগাযোগ করতে পারবেন এবং মিলন প্রধানকে পুলিশকে পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আদালতের এই রায়ে কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছে। প্রার্থীর ভাই প্রতিক্রিয়া দিয়ে জানান, এই নির্দেশ নন্দীগ্রামের মানুষ ও দলের কর্মীদের নতুন করে লড়াইয়ের শক্তি দিল। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আদালতের রায়কে স্বাগত জানিয়ে বিজেপিকে তোপ দেগে বলেন, “বিজেপি ভয় পেয়ে মিথ্যা মামলা করেছিল। মহামান্য আদালতের এই রায় প্রমাণ করল যে মিথ্যা বেশিদিন টেকে না, শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়।”
