ভোটের মুখে যোগী সরকারের বড় চমক! মহিলাদের অ্যাকাউন্টে বছরে ৫০ হাজার দিলে কী বললেন অখিলেশ? – এবেলা

এবেলা ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরপ্রদেশে এক মাস্টারস্ট্রোক দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যোগী আদিত্যনাথের সরকার। সূত্রে খবর, রাজ্যের যোগ্য মহিলা নাগরিকদের বছরে সরাসরি ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত বিবেচনা করা হচ্ছে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ভোটের আগেই অ্যাকাউন্টে ঢুকবে ২০ হাজার টাকা এবং বাকি ৩০ হাজার দেওয়া হবে তিনটি কিস্তিতে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কারিগরি দক্ষতার সুবিধাও দেওয়া হবে। লোকসভা ও অন্যান্য রাজ্য নির্বাচনে নারী ভোটারদের সিদ্ধান্তমূলক ভূমিকার কথা মাথায় রেখে বিজেপি এটিকে নিজেদের বড় চাল মনে করছে। তবে সরকারের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
যোগীর এই নয়া পদক্ষেপ প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সামাজিক মাধ্যমে তিনি তোপ দেগে অভিযোগ করেন, বিগত ১০ বছর ব্যর্থ হওয়ার পর এখন অপশাসন ঢাকতে এবং নির্বাচন জিততে পাপের টাকায় ভোট কিনতে চাইছে গেরুয়া শিবির। একইসঙ্গে রাম মন্দিরের অনুদান চুরি ও নিট আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বিজেপির নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তবে বিজেপিকে আক্রমণ করলেও খয়রাতির পথে হেঁটে অখিলেশ নিজেও প্রতিশ্রুতি দিয়েছেন, সপা ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের মহিলাদের বছরে ৪০ হাজার টাকা করে দেওয়া হবে এবং প্রতিবছর সেই অর্থ আরও বাড়ানো হবে।
