ভোটে জিতেই তাক লাগালেন প্রশান্ত কিশোর! ১০ হাজার বেকারকে চাকরি দিতে চেয়ে পাঠালেন সিভি! – এবেলা

এবেলা ডেস্কঃ
বিজেপির দীর্ঘদিনের দুর্গ দখলের রেশ কাটতে না কাটতেই বড় ঘোষণা করলেন জন সুরাজ পার্টির নেতা প্রশান্ত কিশোর। বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে জয়ের পর এলাকার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান নিশ্চিত করতে বায়োডেটা বা সিভি জমা দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। তাঁর লক্ষ্য, আগামী এক থেকে দুই বছরের মধ্যে বাঁকিপুরের অন্তত ১০ হাজার পরিবারের সন্তানকে চাকরির সুযোগ করে দেওয়া। তবে সরকারি চাকরি নয়, মূলত দেশের বিভিন্ন প্রান্তের শিল্পমহল ও বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগের মাধ্যমেই এই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
প্রাথমিকভাবে কাজের জন্য বিহারের বাইরেও যেতে হতে পারে বলে জানান পিকে। ভোটারদের ধন্যবাদ জানাতে গিয়ে তিনি স্পষ্ট করেন যে, রাতারাতি কোনো অলৌকিক পরিবর্তন সম্ভব না হলেও শিক্ষা, পেনশন ও রেশনের পাশাপাশি কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গত তিন দশক ধরে চলা বিজেপির রাজনৈতিক আধিপত্য ভেঙে জয় ছিনিয়ে নেওয়ার পর তাঁর এই পদক্ষেপে নতুন আশার আলো দেখছেন স্থানীয় বেকার যুবক-যুবতীরা।
