ভোট মিটতেই অ্যাকশন! মাঝরাতে পুলিশের জালে সাংসদ আবু তাহেরের ভাগ্নে – এবেলা

ভোট মিটতেই অ্যাকশন! মাঝরাতে পুলিশের জালে সাংসদ আবু তাহেরের ভাগ্নে – এবেলা

এবেলা ডেস্কঃ

মুর্শিদাবাদের নওদায় ভোট-পরবর্তী নাটকীয় মোড়। নির্বাচনী ফলাফল ঘোষণার রেশ কাটতে না কাটতেই সোমবার গভীর রাতে গ্রেফতার হলেন তৃণমূল ব্লক সভাপতি সফিউজ্জামান শেখ ওরফে হাবিব। ধৃত হাবিব সম্পর্কে মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খানের ভাগ্নে। ভোটের দিন এলাকায় অশান্তি ও উস্কানি দেওয়ার অভিযোগে তাঁর বাড়িতে হানা দিয়ে পুলিশ তাঁকে পাকড়াও করে। মঙ্গলবার ধৃত নেতাকে বহরমপুর জেলা আদালতে পেশ করার কথা রয়েছে।

অশান্তির নেপথ্যে মদতের অভিযোগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৩ এপ্রিল নির্বাচনের প্রথম দফায় নওদার বিভিন্ন বুথে উত্তেজনা ও গোলমাল ছড়ায়। বিশেষ করে আমজনতা উন্নয়ন পার্টির জয়ী প্রার্থী হুমায়ুন কবীরের সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মীদের সংঘাত চরমে ওঠে। অভিযোগ ওঠে, ব্লক সভাপতি হিসেবে সফিউজ্জামান সরাসরি সেই অশান্তিতে উস্কানি দিয়েছিলেন। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি মেলায় পুলিশ তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয়। বেলডাঙার মহকুমা পুলিশ আধিকারিক আনন্দজিৎ হোড় জানান, ধৃতের বিরুদ্ধে গুন্ডাগিরি ও এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করার পাশাপাশি একাধিক পুরনো মামলাও রয়েছে।

সাংসদের ক্ষোভ ও রাজনৈতিক চাপানউতোর

এই গ্রেফতারিকে কেন্দ্র করে মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভাগ্নের গ্রেফতারিকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে দেগে দিয়েছেন সাংসদ আবু তাহের খান। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের নির্দেশেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই পদক্ষেপ করা হয়েছে। এর পাল্টা দিয়ে জয়ী প্রার্থী হুমায়ুন কবীর দাবি করেন, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকাতেই এই গ্রেফতারি সম্ভব হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বহরমপুর আদালত চত্বরে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক হারে জোরদার করেছে জেলা প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *