মক্কার পবিত্র মসজিদে চরম কাণ্ড! দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হতেই চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ
সৌদি আরবের মক্কার একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত এক নারীসহ দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত বুধবার মক্কা অঞ্চলে এই সাজা বাস্তবায়ন করা হয়। অভিযুক্তরা হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির এবং সিতি আখতার। নিরাপত্তারক্ষীদের হাতে আটকের পর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় এবং বিচার প্রক্রিয়া শেষে আদালত মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। পরবর্তী সময়ে উচ্চ আদালত ও রাজকীয় অনুমোদনের পর এই রায় কার্যকর করা হয়।
সৌদি প্রশাসনের পক্ষ থেকে ঘটনার সুনির্দিষ্ট বিবরণ প্রকাশ করা না হলেও, পবিত্রস্থানের মর্যাদা ক্ষুণ্ন করার কারণে ইসলামি আইনের কঠোর ধারা প্রয়োগ করা হয়েছে বলে জানানো হয়েছে। দেশের নিরাপত্তা রক্ষা ও আইন প্রয়োগের ক্ষেত্রে সৌদি সরকার কঠোর অবস্থান বজায় রাখবে বলে সাফ জানিয়ে দিয়েছে মন্ত্রক। চাঞ্চল্যকর এই ঘটনায় আন্তর্জাতিক মহলে বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হলেও এখন পর্যন্ত বাংলাদেশের বিদেশ মন্ত্রক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
