মধুচক্র ও নাবালিকা পাচারের ফাঁদ! অবশেষে জালে প্রাক্তন মন্ত্রীর ‘ডানহাত’! – এবেলা

এবেলা ডেস্কঃ
সল্টলেকের সুকান্তনগরে একটি গেস্ট হাউসে দেহ ব্যবসা এবং নাবালিকাদের দিয়ে অনৈতিক কাজ করানোর অভিযোগে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ সায়ন দে সহ দুজনকে গ্রেফতার করেছে বিধাননগর গোয়েন্দা শাখা। শুক্রবার পুলিশ ওই গেস্ট হাউসে অভিযান চালিয়ে বেশ কয়েকজন মহিলা ও নাবালিকাকে উদ্ধার করে। দীর্ঘদিন ধরে চলা এই বেআইনি কর্মকাণ্ড নিয়ে স্থানীয় বাসিন্দারা পূর্বে একাধিকবার বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ জানালেও রাজনৈতিক প্রভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। সরকার পরিবর্তনের পর পুলিশ সক্রিয় হয়ে এই অভিযান চালায় এবং ধৃতদের আদালতে পেশ করে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বিজেপির স্থানীয় নেতৃত্ব দাবি করেছেন, সুজিত বসুর প্রত্যক্ষ ছত্রছায়ায় গেস্ট হাউসের আড়ালে দীর্ঘদিন ধরে এই মধুচক্র ও তোলাবাজির রাজত্ব চলছিল। অতীতে প্রতিবাদ করলে পুলিশ উল্টো অভিযোগকারীদের হুমকি দিত বলেও অভিযোগ করা হয়েছে। এদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে ধৃত সায়ন দে দাবি করেছেন, ওই গেস্ট হাউসের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই এবং পুলিশ তাঁর বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি। পুলিশ পুরো ঘটনার গভীরে গিয়ে তদন্ত শুরু করেছে।
