মধুচন্দ্রিমার সুখযাত্রা থেকে মৃত্যুর রহস্য! হোমস্টেতে মিলল নববধূর রক্তাক্ত দেহ – এবেলা

এবেলা ডেস্কঃ
মধুচন্দ্রিমার আনন্দ মুহূর্তে রূপ নিল ভয়ানক ট্র্যাজেডিতে! পাহাড়ের কোলে এক হোমস্টে থেকে উদ্ধার হলো দিল্লির ২৭ বছর বয়সী এক তরুণী তথ্যপ্রযুক্তি কর্মীর বিবস্ত্র ও রক্তাক্ত মরদেহ। উত্তরাখণ্ডের পর্যটন শহর মুসৌরির এই রোমহর্ষক ঘটনায় ইতিমধ্যেই সন্দেহের তির উঠেছে নিহতের স্বামীর দিকে।
পুলিশ জানিয়েছে, মৃত তরুণীর নাম রাধা গায়ত্রী। গত বছরের নভেম্বরে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা সৌম্য শ্রীচরণের সঙ্গে তাঁর বিয়ে হয়। রাধা দিল্লিতে আইটি পেশাদার হিসেবে কর্মরত ছিলেন এবং সৌম্য কর্মসূত্রে থাকতেন পুণেতে। সম্প্রতি দম্পতি মুসৌরিতে মধুচন্দ্রিমায় আসেন এবং গত ১৪ জুন তিপরি ধারের কাছে একটি হোমস্টেতে ওঠেন।
রক্তাক্ত মরদেহ ও রহস্যময় পরিস্থিতি
সোমবার সকালে হোমস্টের ঘর থেকে রাধার নগ্ন দেহ উদ্ধার হয়। স্বামী সৌম্য শ্রীচরণের দাবি, রবিবার রাত তিনটে পর্যন্ত দুজনে একসঙ্গে মদ্যপান করেছিলেন। এরপর তিনি ঘুমিয়ে পড়েন। সকালে উঠে তিনি রাধাকে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং তাঁর নাক দিয়ে রক্ত ঝরছিল।
তবে ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে তীব্র ধোঁয়াশা। পুলিশ জানিয়েছে, ঘরের মেঝে প্রস্রাবে ভেসে যাচ্ছিল এবং বিছানার চাদরে রক্তের দাগ পাওয়া গেছে। এছাড়া ঘর থেকে দুটি খালি মদের বোতলও উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তদন্তের কেন্দ্রে স্বামী
ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত মদ্যপানজনিত কোনো দুর্ঘটনা নাকি সুপরিকল্পিত হত্যাকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। তবে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ ও ঘরের ভেতরের পরিস্থিতি খতিয়ে দেখে তদন্তকারীরা নিহতের স্বামীকে মূল সন্দেহের তালিকায় রেখেছেন। পুলিশ সৌম্যকে আটকে রেখে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং এই রহস্যের জট খুলবে বলে আশা করছে প্রশাসন।
