মধ্যমগ্রামে বহুতলে রঙ করার সময় মর্মান্তিক দুর্ঘটনা, ক্যাটেলের তার ছিঁড়ে প্রাণ হারালেন ২ শ্রমিক – এবেলা

এবেলা ডেস্কঃ
উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বহুতল আবাসনে রং করার কাজ চলাকালীন ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। ঝুলন্ত ক্যাটেলের তার ছিঁড়ে নিচে পড়ে গিয়ে মৃত্যু হলো দুই রঙের কারিগরের। মৃতরা হলেন অশোকনগর থানা এলাকার বাসিন্দা মলয় চন্দ হাওলাদার (৪৮) এবং মিন্টু মণ্ডল (৪২)। দুর্ঘটনায় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন; তাঁকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেলে মধ্যমগ্রামের গঙ্গানগর এলাকার একটি বহুতল আবাসন প্রাঙ্গণে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আবাসনের বাইরের দেয়ালে ঝুলন্ত ক্যাটেলের ওপর বসে রং করার সময় আচমকাই ক্যাটেলটি ধরে রাখা দড়ি বা তার ছিঁড়ে যায়। মুহূর্তের মধ্যে তিন শ্রমিক সোজা উঁচুতলা থেকে নিচে এসে পড়েন। স্থানীয় ও আবাসনের রক্ষীরা তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও দু’জনকে বাঁচানো সম্ভব হয়নি।
এই ঘটনার পর থেকেই নির্মাণকাজে নিরাপত্তার গাফিলতি নিয়ে তীব্র ক্ষোভ দানা বেঁধেছে। উঁচুতে বিপজ্জনক কাজের জন্য হেলমেট, সেফটি বেল্ট বা পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ছিল কি না, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। স্থানীয় অধিবাসীদের একাংশ দাবি তুলেছেন, এর আগেও মধ্যমগ্রাম এলাকায় একই ধরনের দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছিল। বারবার এমন ঘটনা ঘটে চললেও কেন কঠোর নিরাপত্তা ও প্রশিক্ষণ ছাড়া শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজে নামানো হচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। পুরো ঘটনাটি খতিয়ে দেখতে এয়ারপোর্ট থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
