“মন বদলেছে, নিঃশর্ত সমর্থন দিন!”—মহিলা সংরক্ষণ বিল নিয়ে রাহুলকে কিরে রিজিজুর চ্যালেঞ্জ – এবেলা

এবেলা ডেস্কঃ
নারী সংরক্ষণ বিল কার্যকর করা নিয়ে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরে রিজিজু এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মধ্যে নতুন করে রাজনৈতিক লড়াই শুরু হয়েছে।
মহিলাদের স্বাধীনতা ও ক্ষমতায়ন নিয়ে রাহুল গান্ধীর সাম্প্রতিক কিছু মন্তব্যের পর, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এ রিজিজু খোঁচা দিয়ে লেখেন, “মনে হচ্ছে নারীদের বিষয়ে রাহুলের দৃষ্টিভঙ্গি বদলেছে। আশা করি কংগ্রেস এবার নারী সংরক্ষণ বিলকে নিঃশর্ত সমর্থন জানাবে।”
এর জবাবে রাহুল গান্ধী মনে করিয়ে দেন যে, ২০২৩ সালেই কংগ্রেসের পূর্ণ সমর্থনে বিলটি সংসদে পাস হয়েছিল। পাল্টা প্রশ্ন তুলে তিনি বলেন, “বিল পাসের তিন বছর পরেও তা কেন কার্যকর করা হচ্ছে না? কেন এটিকে মিছামিছি সীমানা নির্ধারণ বা ডিলিমিটেশনের (Delimitation) সঙ্গে জড়িয়ে আটকে রাখা হচ্ছে?” রাহুল অবিলম্বে কোনো শর্ত ছাড়াই এই আইন চালুর দাবি জানান।
বিতর্কের আসল কারণ
‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ অনুযায়ী লোকসভা ও বিধানসভায় নারীদের জন্য ৩৩% আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। কিন্তু আইনটি কার্যকর করার বিষয়টি সীমানা নির্ধারণ বা ডিলিমিটেশন প্রক্রিয়ার সাথে যুক্ত। বিরোধীদের দাবি—নতুন সীমানা নির্ধারণের জন্য অপেক্ষা না করে এখনই এই সংরক্ষণ চালু করা হোক।
সম্প্রতি রাহুল গান্ধী একটি ভিডিও বার্তায় বলেন, “ভারতের নারীদের স্বাধীনতা ও ক্ষমতা আটকে রাখা হয়েছে। পিতৃতান্ত্রিক সমাজ থেকে বেরিয়ে নারীরা মুক্ত না হলে দেশের সার্বিক বিকাশ আসাম্ভব।” রাহুলের এই বার্তার পরই দুই নেতার মধ্যে কথার লড়াই তীব্র রূপ নেয়।
