মমতার শ্রীরামপুরের সভায় সবুজ সংকেত হাইকোর্টের! তবে মানতে হবে কড়া শর্ত – এবেলা

এবেলা ডেস্কঃ
September 18, 20268:30 am
কলকাতা হাইকোর্টের নির্দেশে আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) শ্রীরামপুর কোর্ট ময়দানে সভা করতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ এই কর্মসূচির অনুমতি দিলেও সভার জন্য বেশ কিছু কড়া শর্ত বেঁধে দেওয়া হয়েছে।
হাইকোর্টের মূল শর্তাবলী:
- সময়সীমা: আগামী ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টার মধ্যে পুরো কর্মসূচি সম্পন্ন করতে হবে।
- জনসমাগম: সভায় সর্বোচ্চ ১,০০০ জন উপস্থিত থাকতে পারবেন।
- যান চলাচল: জিটি রোডে কোনও ধরনের মিছিল বা পদযাত্রা করা যাবে না। ওই চত্বরে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রাখতে হবে।
আদালতে সওয়াল-জবাব: এদিনের শুনানিতে তৃণমূলের পক্ষ থেকে ২,০০০ লোকের জমায়েতের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু রাজ্য সরকার তার বিরোধিতা করে জানায়, কোর্ট ময়দানটি অত্যন্ত সংকীর্ণ। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় Z+ ক্যাটাগরির নিরাপত্তা পান, ফলে নিরাপত্তার কারণে কিছুটা খালি জায়গা রাখতে হয়। অতিরিক্ত ভিড় হলে পদপিষ্ট হওয়ার মতো ঝুঁকি তৈরি হতে পারে।
এর জবাবে তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যুক্তি দেন, অতীতে এই একই ময়দানে গায়িকা শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হয়েছিল।
উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত ১,০০০ জন সদস্য নিয়ে সভা করার চূড়ান্ত অনুমতি প্রদান করে। প্রসঙ্গত, এর আগে ১১ সেপ্টেম্বর মাহেশের সভার অনুমতি নিয়েও আইনি জটিলতা তৈরি হয়েছিল, যা জল গড়ায় ডিভিশন বেঞ্চ পর্যন্ত। অবশেষে হাইকোর্টের নতুন সিদ্ধান্তে শ্রীরামপুরে সভার জট কাটল।
