মমতার সঙ্গে বৈঠকের পরেই রামলীলা ময়দান থেকে হাত গুটাল ককরোচ জনতা পার্টি! – এবেলা

মমতার সঙ্গে বৈঠকের পরেই রামলীলা ময়দান থেকে হাত গুটাল ককরোচ জনতা পার্টি! – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লিতে আয়োজিত বিরোধী জোটের মেগা সমাবেশের ঠিক মুখেই আচমকা অবস্থান বদল করল ককরোচ জনতা পার্টি। বিরোধী জোটে সমর্থনের আশ্বাস দিলেও, বিক্ষোভের ঠিক কয়েক ঘণ্টা আগে নাটকীয়ভাবে নিরপেক্ষতার বার্তা দিলেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সাফ জানিয়ে দিলেন, তাঁরা সরকার কিংবা বিরোধী—কোনো পক্ষের সঙ্গেই নেই এবং রামলীলা ময়দানের সমাবেশেও যোগ দিচ্ছেন না। অথচ তার আগের দিন সন্ধ্যায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লির বাসভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন দীপকে। সেখানে মমতা তাঁদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বাংলায় কর্মসূচির আমন্ত্রণ জানান এবং দীপকেও দিদির পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কিন্তু সেই বৈঠকের পরেই হুট করে সুর নরম করে ‘ডিগবাজি’ খাওয়ায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অভিজিৎ দীপকে অবশ্য একে নৈতিক সমর্থন বলে দাবি করেছেন। তিনি জানান, ভোটচুরির বিরুদ্ধে লড়াই চালানো প্রত্যেকের পাশে তাঁরা থাকলেও ককরোচ জনতা পার্টি সম্পূর্ণ নিরপেক্ষ আদর্শ বজায় রাখবে। অতীতে দিল্লিতে নিট জালিয়াতি বিরোধী আন্দোলনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্ত হওয়ার কথা ছিল, তবে শেষ পর্যন্ত তা ঘটেনি। ফলে প্রশ্ন উঠছে, তৃণমূল সুপ্রিমোর সঙ্গে বৈঠকের পর এমন মোচড় কেন? কেবল নিরপেক্ষতার দোহাই, নাকি এই রাজনৈতিক দূরত্ব বজায় রাখার নেপথ্যে লুকিয়ে রয়েছে অন্য কোনো সমীকরণ?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *