মমতার সমর্থনের পরেই বড় ধামাকা! পুরনো খুনের মামলায় গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী – এবেলা

এবেলা ডেস্কঃ
September 18, 20267:45 pm
নন্দীগ্রাম: উপনির্বাচনের ঠিক মুখেই নন্দীগ্রামে নজিরবিহীন রাজনৈতিক নাটক! শুক্রবার রাতে একটি পুরনো খুনের মামলায় গ্রেফতার করা হলো নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে। শনিবারই তাঁকে হলদিয়া আদালতে পেশ করার কথা। তবে এই গ্রেফতারির সময়টাই গোটা রাজনৈতিক শিবিরে জল্পনা উসকে দিয়েছে।
মমতার সমর্থনের পরেই গ্রেফতারি শুক্রবার দুপুরে তৃণমূল প্রার্থী সঞ্চিতা প্রধান দে নিজের মনোনয়ন প্রত্যাহার করার পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বড় ঘোষণা করেন। জাতীয় স্তরে ‘ইন্ডিয়া’ (INDIA) জোটকে শক্তিশালী করার লক্ষ্যে নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের কথা জানান তিনি। কিন্তু সেই ঘোষণার ঠিক পরেই পুরনো মামলায় গ্রেফতার হতে হয় মিলন প্রধানকে।
আটকে গেল বিকল্প প্রার্থীর সুযোগ শনিবার উপনির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আর তার ঠিক আগেই গ্রেফতার হলেন কংগ্রেস প্রার্থী। রাজনৈতিক মহলের মতে, তৃণমূল আগেই তাদের প্রার্থী প্রত্যাহার করে নেওয়ায় নতুন করে কাউকে দাঁড় করানোর পথ বন্ধ। অন্যদিকে কংগ্রেসের মিলন প্রধান গ্রেফতার হওয়ায় শেষ মুহূর্তে প্রার্থী বদল করার সুযোগও আর থাকছে না।
হুমকি ও ভয় দেখানোর বিস্ফোরক অভিযোগ তৃণমূল প্রার্থী সঞ্চিতা প্রধান দে-র মনোনয়ন প্রত্যাহার নিয়েও বিস্ফোরক দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, সঞ্চিতাকে এবং তাঁর পরিবারকে চরম হুমকি দেওয়া হয়েছিল। এমনকি তাঁর ছোট সন্তানকে তুলে নিয়ে যাওয়ার মতো মারাত্মক ভয় দেখানো হয়েছিল বলেই বাধ্য হয়ে তিনি নাম তুলে নেন।
নন্দীগ্রামে কেন উপনির্বাচন? আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর—দুটি আসন থেকেই শুভেন্দু অধিকারী জয়ী হলেও পরবর্তীতে তিনি নন্দীগ্রাম কেন্দ্রটি ছেড়ে দেন। ফলে সেখানে বিধায়ক পদ শূন্য হয়ে পড়ে। তবে ভোটের ঠিক আগে পর পর এসব ঘটনায় নন্দীগ্রামের লড়াই এখন চরম উত্তেজনার মোড়ে।
