মহালয়ার পর দুর্গাপুজোয় বৃষ্টির বড় আশঙ্কায় স্বস্তি দিল আবহাওয়া দফতর – এবেলা

মহালয়ার পর দুর্গাপুজোয় বৃষ্টির বড় আশঙ্কায় স্বস্তি দিল আবহাওয়া দফতর – এবেলা

এবেলা ডেস্কঃ

দেবীপক্ষ শুরু হতেই উৎসবের আমেজ দেশজুড়ে, তবে বঙ্গবাসীর মনে ঘোরাফেরা করছে একটাই প্রশ্ন, দুর্গাপুজোর আনন্দ কি বৃষ্টিতে ধুয়ে যাবে? বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হলেও এখনই আতঙ্কের কিছু দেখছে না আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গের ওপর পড়ার সম্ভাবনা বেশ কম। ফলে উৎসবের দিনগুলিতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মনোরম ও মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং মেদিনীপুরের মতো উপকূলীয় অঞ্চলগুলিতে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা থাকলেও তা উৎসবের আনন্দে বড় বাঁধা হয়ে দাঁড়াবে না।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও দেবীপক্ষের দিনগুলিতে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে আশ্বস্ত করা হয়েছে। বিশেষ করে পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমীর মতো গুরুত্বপূর্ণ দিনগুলিতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবহাওয়া মোটের ওপর মনোরমই থাকবে। কলকাতা ও আশপাশের এলাকায় মাঝেমধ্যে আকাশ আংশিক মেঘলা থাকলেও ভারী বর্ষণের সম্ভাবনা একদমই নেই। সার্বিকভাবে বড় ধরনের ঝোড়ো হাওয়া বা একটানা প্রবল বৃষ্টির আশঙ্কা না থাকায়, এবার ছাতা ছাড়াই নিশ্চিন্তে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার প্রস্তুতি নিতে পারেন দর্শনার্থীরা।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *