মহিষাদলে অঙ্গনওয়াড়ি কর্মীদের তীব্র বিক্ষোভ, বকেয়া বিলের দাবিতে আন্দোলনে এফআইআর ও বদলির নির্দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ
পূর্ব মেদিনীপুরের মহিষাদলে গত চার মাস ধরে আইসিডিএস সেন্টারের সবজির বকেয়া বিল না পেয়ে মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। সংসার চালাতে ও সেন্টার সচল রাখতে অনেকে গয়না বন্ধক রেখে কিংবা চড়া সুদে ঋণ নিতে বাধ্য হচ্ছেন। সার্ভারজনিত সমস্যা সহ একাধিক কারণে বিল আটকে থাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়। বকেয়া মেটানোর দাবিতে গতকাল ব্লক চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসে কর্মী ও সহায়িকারা জোরদার বিক্ষোভ দেখান। দফায় দফায় যোগাযোগের চেষ্টা করা হলেও সিডিপিও উপস্থিত না হওয়ায় ক্ষুব্ধ কর্মীরা অফিসে তালা ঝুলিয়ে দেন।
পরবর্তীতে অফিসের তালা ভেঙে সিডিপিও সুজন দাস কার্যালয়ে প্রবেশ করেন এবং আন্দোলনকারী দু’জন অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন। একই সঙ্গে আরও সাতজন কর্মীকে শাস্তিমূলক বদলির নির্দেশ দেওয়া হয়। সিডিপিও-র দাবি, সরকারি কাজে বাধা দেওয়ার কারণে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনিক এই পদক্ষেপের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সিডিপিও-র এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং বকেয়া বিল দ্রুত মেটানোর দাবিতে আজ মহিষাদলের বিডিও অফিসে গিয়ে ডেপুটেশন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্ষুব্ধ অঙ্গনওয়াড়ি কর্মীরা।
