মাছ ধরে ফেরার পথে চরম বিপত্তি! প্রবল স্রোতে ট্রলার থেকে ছিটকে নিখোঁজ মৎস্যজীবী – এবেলা

মাছ ধরে ফেরার পথে চরম বিপত্তি! প্রবল স্রোতে ট্রলার থেকে ছিটকে নিখোঁজ মৎস্যজীবী – এবেলা

এবেলা ডেস্কঃ

সামনেই জামাই ষষ্ঠী, আর সেই আনন্দকে সঙ্গী করেই গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফিরছিলেন একদল মৎস্যজীবী। কিন্তু বাড়ি ফেরার পথেই ঘটে গেল চরম বিপত্তি। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকে ট্রলার থেকে নদীতে ছিটকে পড়ে নিখোঁজ হলেন কৃষ্ণ দাস নামে এক মৎস্যজীবী। কাকদ্বীপের অক্ষয়নগর এলাকার বাসিন্দা ওই ব্যক্তির খোঁজে রাতভর তল্লাশি চালালেও এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি।

প্রবল স্রোতেই বিপত্তি

গত ১৫ জুন ‘এফবি সাবিত্রী’ নামের একটি ট্রলারে চেপে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিলেন কৃষ্ণ দাস-সহ বেশ কয়েকজন মৎস্যজীবী। শুক্রবার বাড়ি ফেরার পথে পাথরপ্রতিমা ঢোকার ঠিক আগে বন শ্যামনগর বেরার টেঁকা সংলগ্ন বকচরা, জগদ্দল ও সুতারবাগ নদীর মোহনায় প্রবল স্রোতের মুখে পড়ে ট্রলারটি। জানা গিয়েছে, সেই সময় ট্রলারের ছাদে বসেছিলেন তিনি। আচমকা নদীর স্রোতের তীব্রতা ও ট্রলারের ঝাঁকুনিতে তিনি ভারসাম্য হারিয়ে সোজা জলে পড়ে যান এবং মুহূর্তের মধ্যে চোখের আড়ালে তলিয়ে যান।

উদ্বেগে পরিবার ও প্রশাসনের তল্লাশি

সহকর্মীকে চোখের সামনে তলিয়ে যেতে দেখে দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন ট্রলারের অন্য মৎস্যজীবীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পাথরপ্রতিমা থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভম সরকারের নেতৃত্বে একাধিক লঞ্চ ও ট্রলার নামিয়ে শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। তবে বারো ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও ওই মৎস্যজীবীর কোনও খোঁজ না মেলায় তাঁর বেঁচে থাকা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে। উৎসবের মুখে এমন আকস্মিক দুর্ঘটনায় কৃষ্ণ দাসের পরিবারে এখন চরম উদ্বেগ ও হতাশার ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *