মাঝরাতের যন্ত্রণা শেষ, আজ ডিনার টেবিলে বসেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের রোমাঞ্চ! – এবেলা

এবেলা ডেস্কঃ
ফুটবলপ্রেমীদের কাছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ মানেই বরাবর এক চরম যন্ত্রণার নাম। রাত সাড়ে বারোটা কিংবা দেড়টায় শুরু হওয়া ম্যাচ দেখতে গিয়ে ঘুম হারাম করা এ দেশের দর্শকদের জন্য নিয়মে পরিণত হয়েছিল। তবে এবার সেই চেনা ছক ভাঙছে। কোনো রকম চোখের ক্লান্তি ছাড়াই আজ রাতে ফুটবলবিশ্ব মেতে উঠতে চলেছে আর্সেনাল ও পিএসজির মধ্যকার মেগা ফাইনালে। ম্যাচটি শুরু হচ্ছে ভারতীয় সময় রাত সাড়ে নয়টায়। পরদিন রবিবার ছুটির দিন হওয়ায় আয়েশ করে ডিনার টেবিলে বসেই এই মহারণ উপভোগ করতে পারবেন দর্শকরা। হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় হতে যাওয়া এই ম্যাচটি ভারতে সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে এবং অনলাইন স্ট্রিমিং অ্যাপ সোনিলিভে।
ইতিহাস গড়ার সামনে দুই পরাশক্তি
এবারের ফাইনালে দুই দলের সামনেই রয়েছে অনন্য ইতিহাস গড়ার সুযোগ। লুইস এনরিকের অধীনে থাকা পিএসজি রয়েছে টানা দ্বিতীয়বার ইউরোপের সেরা হওয়ার দৌড়ে। এর আগে রিয়াল মাদ্রিদ ছাড়া আর কোনো ক্লাব টানা এই খেতাব ধরে রাখতে পারেনি। গত মরসুমে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া পিএসজি এবারও ঘরোয়া লিগ জিতে ফুরফুরে মেজাজে রয়েছে। অন্যদিকে, উত্তর লন্ডনের ঐতিহ্যবাহী ক্লাব আর্সেনাল আজ নামছে নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির খোঁজে। দীর্ঘ ২২ বছর পর প্রিমিয়ার লিগ জয়ের পর এবার ইউরোপের সর্বোচ্চ মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে মরিয়া মাইকেল আর্তেতার দল। এর আগে ২০০৫-০৬ মরসুমে ফাইনাল খেললেও রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল গানার্সদের।
চোটের উদ্বেগ ও শক্তির লড়াই
গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে দুই শিবিরেই চোট-আঘাতের উদ্বেগ রয়েছে। পিএসজি শিবিরে উসমান ডেম্বেলে এবং আশরাফ হাকিমিকে নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত মেডিক্যাল টিমের সবুজ সংকেত মেলায় ফরাসি শিবিরের শক্তি বাড়ছে। তবে আর্সেনালের জন্য বড় ধাক্কা বেন হোয়াইটের অনুপস্থিতি। হাঁটুর চোটের কারণে তিনি দল থেকে ছিটকে গেছেন। মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে সামান্য এগিয়ে রয়েছে পিএসজি। দুই দলের পাঁচবারের দেখায় ফরাসি ক্লাব জিতেছে দুবার, আর্সেনাল একবার এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। একদিকে ট্রফি ধরে রাখার মিশন, অন্যদিকে প্রথমবার ইউরোপ জয়ের স্বপ্ন— সব মিলিয়ে বুদাপেস্টে আজ এক ঐতিহাসিক ফুটবল যুদ্ধের সাক্ষী হতে চলেছে বিশ্ব।
